অনলাইন এডিটরস অ্যালায়েন্স

সাংবাদিকদের ওপর হামলা স্বাধীন গণমাধ্যমের জন্য হুমকি

‘সংবাদ সংগ্রহের সময় সাংবাদিকদের ওপর এমন উদ্দেশ্যপ্রণোদিত আক্রমণকে স্বাধীন গণমাধ্যমের জন্য মারাত্মক হুমকি হিসেবে অভিহিত করেছে সংগঠনটি।’

নয়া দিগন্ত অনলাইন
অনলাইন এডিটরস অ্যালায়েন্স
অনলাইন এডিটরস অ্যালায়েন্স |সংগৃহীত

পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর আইনশৃঙ্খলা বাহিনীর হামলা, হুমকি ও কাজে বাধা প্রদানের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ‘অনলাইন এডিটরস অ্যালায়েন্স’। সংবাদ সংগ্রহের সময় সাংবাদিকদের ওপর এমন উদ্দেশ্যপ্রণোদিত আক্রমণকে স্বাধীন গণমাধ্যমের জন্য মারাত্মক হুমকি হিসেবে অভিহিত করেছে সংগঠনটি।

শনিবার (৭ ফেব্রুয়ারি) অনলাইন এডিটরস অ্যালায়েন্সের সভাপতি মো: হাসান শরীফ ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান সোহেল এক যৌথ বিবৃতিতে এ প্রতিবাদ জানান।

বিবৃতিতে নেতারা উল্লেখ করেন, গত শুক্রবার প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে আন্দোলন চলাকালে সংবাদ সংগ্রহ করতে গেলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কয়েকজন সদস্য সাংবাদিকদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে বেশ কয়েকজন সাংবাদিক আহত হন এবং তাদের ব্যবহৃত পেশাগত সরঞ্জাম ভাঙচুর করা হয়। দায়িত্ব পালনের সময় সাংবাদিকদের বাধা প্রদান ও হেনস্তা করার বিষয়টি অত্যন্ত দুঃখজনক এবং গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী বলে তারা উল্লেখ করেন।

সংগঠনটির নেতারা বলেন, যাদের দায়িত্ব সাংবাদিকসহ সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা, তাদের মাধ্যমেই এ ধরনের আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। গণমাধ্যমকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার বদলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এমন ভূমিকা মতপ্রকাশের স্বাধীনতার ওপর চরম আঘাত।

বিবৃতিতে অনলাইন এডিটরস অ্যালায়েন্স এ ন্যাক্কারজনক ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে। একইসাথে হামলার সাথে জড়িত সদস্যদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার জোর দাবি জানানো হয়।

এছাড়া, বিবৃতিতে আসন্ন নির্বাচনকালীন দায়িত্ব পালনের সময় সাংবাদিকদের বিশেষ নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানানো হয়। ভবিষ্যতে সাংবাদিকরা যাতে নিরাপদ ও নির্বিঘ্ন পরিবেশে পেশাগত দায়িত্ব পালন করতে পারেন, সেই লক্ষ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপ নেয়ার অনুরোধ জানানো হয়েছে।

বিবৃতিতে সংগঠনের নেতারা হামলায় আহত সাংবাদিকদের শিগগিরই আরোগ্য কামনা করেন এবং গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।