পবিত্র ঈদুল ফিতরের উৎসব শেষে ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে ফিরতি যাত্রার জন্য ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হচ্ছে আগামীকাল শুক্রবার (১৩ মার্চ)। ওই দিন পাওয়া যাবে আগামী ২৩ মার্চের টিকিট।
প্রতিবছরের মতো এবারো আন্তঃনগর ট্রেনের সাত দিনের অগ্রিম টিকিট বিশেষ ব্যবস্থায় বিক্রি করা হচ্ছে। যাত্রীদের সুবিধার্থে শতভাগ টিকিট অনলাইনে বিক্রি করা হচ্ছে।
সকাল ৮টা থেকে অনলাইনে পশ্চিমাঞ্চলের সব আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়েছে। অন্যদিকে দুপুর ২টা থেকে পূর্বাঞ্চলের সব আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি করা হবে।
সম্প্রতি রাজধানীর রেল ভবনে বাংলাদেশ রেলওয়ে-এর ঈদযাত্রা উপলক্ষে বিশেষ প্রস্তুতিমূলক সভায় এসব সিদ্ধান্ত নেয়া হয়।
রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, ২৩ মার্চের টিকিট বিক্রি হবে ১৩ মার্চ, ২৪ মার্চের টিকিট ১৪ মার্চ, ২৫ মার্চের টিকিট ১৫ মার্চ, ২৬ মার্চের টিকিট ১৬ মার্চ, ২৭ মার্চের টিকিট ১৭ মার্চ, ২৮ মার্চের টিকিট ১৮ মার্চ এবং ২৯ মার্চের টিকিট ১৯ মার্চ বিক্রি করা হবে।
এছাড়া চাঁদ দেখার ওপর ভিত্তি করে ২০, ২১ ও ২২ মার্চের টিকিট বিক্রি করা হবে। যাত্রীদের অনুরোধে নন-এসি কোচের ২৫ শতাংশ দাঁড়িয়ে যাওয়ার টিকিট যাত্রা শুরুর আগে প্রারম্ভিক স্টেশন থেকে সংগ্রহ করা যাবে।
ঈদযাত্রার অগ্রিম টিকিট একজন যাত্রী একবারেই কিনতে পারবেন এবং সর্বোচ্চ চারটি আসন সংগ্রহ করা যাবে। তবে কোনো টিকিট রিফান্ড করা হবে না।



