বায়তুল মোকাররমে ঈদের নামাজ শেষে দেশবাসীর কল্যাণে দোয়া

প্রথম ও দ্বিতীয় জামাতে কয়েক হাজার মুসল্লি অংশ নেন এবং নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

নয়া দিগন্ত অনলাইন
বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ঈদের নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণে দোয়া করেন মুসল্লিরা
বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ঈদের নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণে দোয়া করেন মুসল্লিরা |সংগৃহীত

জাতীয় মসজিদে বায়তুল মোকাররমে পবিত্র ঈদুল ফিতরের নামজের দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২১ মার্চ) সকাল ৮টায় অনুষ্ঠিত দ্বিতীয় জামাতে ইমামতি করেন জাতীয় মসজিদের পেশ ইমাম মুফতি মুহিব্বুল্লাহিল বাকি নদভী। নামাজ শেষে দেশবাসীর কল্যাণে দীর্ঘ মোনাজাত ও দোয়া করা হয়।

এর আগে সকাল ৭টায় জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মাওলানা মিজানুর রহমানের ইমামতিতে প্রথম জামাত অনুষ্ঠিত হয়।

প্রথম ও দ্বিতীয় জামাতে কয়েক হাজার মুসল্লি অংশ নেন এবং নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

এছাড়া মোনাজাতে রমজান মাসের রোজা ও অন্যান্য এবাদত যাতে আল্লাহ কবুলের জন্য আল্লাহর কাছে আর্তি জানানো হয়। মৃত আত্মীয়-স্বজনদের জন্যও জান্নাত কামনা করা হয় মোনাজাতে।

এসময় মুসল্লির অনেকেই চোখের জলে নিজের গুনাহের জন্য আল্লাহর কাছে মাফ চাইতে দেখা গেছে। মোনাজাতে পৃথিবীর বিভিন্ন দেশে নিপীড়িত মুসলমানদের হেফাজতের জন্যও দোয়া করা হয়।

বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পর্যায়ক্রমে ঈদের পরবর্তী জামাতগুলো অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে সকাল ৯টা, ১০টা এবং ১০টা ৪৫ মিনিটে।

তৃতীয় জামাতে ইমামতি করবেন ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মাওলানা মো. জাকির হোসেন, চতুর্থ জামাতে ইমাম প্রশিক্ষণ একাডেমির ধর্মীয় প্রশিক্ষক মাওলানা যোবায়ের আহমেদ আল আযহারী এবং পঞ্চম ও শেষ জামাতে ইসলামিক ফাউন্ডেশনের মুফতি মাওলানা মোহাম্মদ আবদুল্লাহ ইমামতির দায়িত্ব পালন করবেন।

এছাড়া বিকল্প ইমাম হিসেবে ইসলামিক ফাউন্ডেশনের সহকারী লাইব্রেরিয়ান মাওলানা শহীদুল ইসলাম প্রস্তুত থাকবেন।