সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া এ বছরের আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ‘গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননায় ভূষিত হয়েছেন।
প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের একমাত্র কন্যা ব্যারিস্টার জাইমা রহমানের হাতে এ পুরস্কার তুলে দেন রাষ্ট্রপতি মো: সাহাবুদ্দিন।
আজ রোববার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে পরিবারের পক্ষ থেকে তিনি এ মর্যাদাপূর্ণ পুরস্কার গ্রহণ করেন।
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় মরহুমা প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং আরো পাঁচজনকে তাদের দৃঢ়তা ও অর্জনের জন্য পাঁচটি ভিন্ন ভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার দিয়েছে।
মন্ত্রণালয় জানিয়েছে, আপসহীন সংগ্রামের মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধারে অদম্য নেতৃত্ব প্রদান এবং গণতান্ত্রিক ধারা প্রতিষ্ঠায় বেগম খালেদা জিয়া অসামান্য অবদান রাখায় তাকে এ পুরস্কারে ভূষিত করা হয়েছে।
অনুষ্ঠানে বিশিষ্ট চিকিৎসক, সমাজকর্মী ও প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং তাদের একমাত্র কন্যা ব্যারিস্টার জাইমা রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
অর্থনৈতিক ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী ক্যাটাগরিতে নুরুন নাহার আক্তার, শিক্ষা ও চাকরিক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী ক্যাটাগরিতে মোছা. ববিতা খাতুন, সফল জননী নারী ক্যাটাগরিতে নুরবানু কবীর, নির্যাতনের দুঃস্বপ্ন মুছে ফেলে জীবন সংগ্রামে জয়ী নারী ক্যাটাগরিতে মোছা. শমলা বেগম এবং সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন- এমন নারী ক্যাটাগরিতে মোছা. আফরোজা ইয়াসমিন শ্রেষ্ঠ অদম্য নারী হিসেবে পুরস্কারে ভূষিত হয়েছেন।
সূত্র : বাসস



