সম্মিলিত প্রচেষ্টায় কৃষিখাতে স্বস্তি বিরাজ করছে : কৃষি উপদেষ্টা

‘সার সঙ্কট কাটিয়ে ওঠাসহ বন্যা কবলিত এলাকার ক্ষতি মোকাবেলা করে কৃষিখাত এখন আগের চেয়ে ভালো অবস্থানে রয়েছে। বর্তমানে সারের মজুদ যেকোনো সময়ের চেয়ে ভালো। কৃষিপণ্যের মূল্যও সহনশীল পর্যায়ে আছে।’

নয়া দিগন্ত অনলাইন
মো: জাহাঙ্গীর আলম চৌধুরী
মো: জাহাঙ্গীর আলম চৌধুরী |ফাইল ছবি

সংশ্লিষ্ট সকলের সম্মিলিত প্রচেষ্টায় কৃষিখাতে স্বস্তি বিরাজ করছে বলে মন্তব্য করেছেন কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব:) মো: জাহাঙ্গীর আলম চৌধুরী।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাজধানীর খামারবাড়িস্থ বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল মিলনায়তনে কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন দফতরগুলো আয়োজিত বিদায় সংবর্ধনায় বক্তব্যকালে এ মন্তব্য করেন তিনি।

কৃষি মন্ত্রণালয়ের দায়িত্ব নেয়ার পর গত দেড় বছরে দেশের খাদ্য নিরাপত্তা ও কৃষিখাতকে টেকসই ও প্রকৃত অর্থে কৃষকবান্ধব করতে গৃহীত বিভিন্ন পদক্ষেপ ও চ্যালেঞ্জের কথাও উল্লেখ করেন উপদেষ্টা।

তিনি বলেন, সার সঙ্কট কাটিয়ে ওঠাসহ বন্যা কবলিত এলাকার ক্ষতি মোকাবেলা করে কৃষিখাত এখন আগের চেয়ে ভালো অবস্থানে রয়েছে। বর্তমানে সারের মজুদ যেকোনো সময়ের চেয়ে ভালো। কৃষিপণ্যের মূল্যও সহনশীল পর্যায়ে আছে।

উপদেষ্টা আরো বলেন, কৃষির প্রণোদনা সঠিকভাবে দিতে হবে। সঠিক উপকারভোগী নির্বাচন করে তাদের কাছে প্রণোদনা পৌঁছে দেয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তিনি।

কৃষকবান্ধব প্রকল্প গ্রহণ, ভর্তুকির অর্থ যথাযথভাবে ব্যবহার, সারের ব্যবহার কমানো এবং সরকার নির্ধারিত দরে সার বিক্রি কঠোরভাবে নজরদারির আহ্বানও জানান উপদেষ্টা।

কৃষি সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ানের সভাপতিত্বে অনুষ্ঠানে কৃষি মন্ত্রণালয়ের বিভিন্ন দফতর প্রধান বক্তব্য দেন। বাসস