সংসদের সভাপতি নির্বাচনে সমর্থন না চাওয়ায় জামায়াতের অসন্তোষ

ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন বিএনপির খন্দকার মোশাররফ হোসেন। বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামী সভাপতি নির্বাচনের আগে সমর্থন চাওয়ার ক্ষেত্রে অসন্তোষ প্রকাশ করেছে।

নয়া দিগন্ত অনলাইন
জাতীয় সংসদ ভবন
জাতীয় সংসদ ভবন |সংগৃহীত

সংসদের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেছেন বিএনপির জ্যেষ্ঠ নেতা ও সংসদ সদস্য খন্দকার মোশাররফ হোসেন। তবে সভাপতি নির্বাচনে বিরোধী দলের সমর্থন না চাওয়ায় অসন্তোষ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। একই সাথে খন্দকার মোশাররফ হোসেনের প্রতি তাদের সমর্থন রয়েছে বলেও জানায় দলটি।

আজ বৃহস্পতিবার বেলা ১১টার পর স্পিকারের চেয়ার খালি রেখে সংসদ অধিবেশনের কার্যক্রম শুরু হয়। পবিত্র কোরআন তিলাওয়াতের পর বেলা ১১টার কিছু পরে বক্তব্য শুরু করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সাধারণত বিদায়ী সংসদের স্পিকার বা ডেপুটি স্পিকারের সভাপতিত্বে নতুন সংসদের প্রথম অধিবেশন শুরু হয়। কিন্তু এবার স্পিকার ও ডেপুটি স্পিকারের কেউই উপস্থিত নেই। তাদের অনুপস্থিতিতেই সংসদ অধিবেশন শুরু হয়। তবে সংসদ অধিবেশনে সভাপতিত্ব করার জন্য তারেক রহমান খন্দকার মোশাররফ হোসেনকে আহ্বান জানান।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার দল বিএনপির এমপিদের পক্ষ থেকে সমর্থন করে বক্তব্য দেন। ওই সময় ড. খন্দকার মোশাররফ হোসেন সভাপতি হিসেবে দায়িত্ব নেয়ার জন্য সম্পতি জানান।

তখন জামায়াতের এমপি ও বিরোধী দলীয় উপনেতা ডা: আবদুল্লাহ মোহাম্মদ তাহের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেন এবং ফ্লোর নিয়ে বক্তব্য দেন। এ সময় তিনি ড. খন্দকার মোশাররফ হোসেনকে সভাপতি হিসেবে সমর্থন করেন। তবে এ বিষয়ে বিরোধী দলের সমর্থন না চাওয়ায় উষ্মা প্রকাশ করেন।

ডা: তাহের বলেন, তার প্রতি আমাদের সমর্থন রয়েছে, তবে সংসদ নেতা প্রধানমন্ত্রী যদি আমাদের কাছে সমর্থন কামনা করতেন তাহলে তা ভালো হতো। আশা করি আগামীতে এর ব্যত্যয় হবে না।