সরকারি সম্পদ অব্যবহৃত রাখা যাবে না : তথ্যমন্ত্রী

সরকারি সম্পদ অব্যবহৃত রাখা যাবে না। দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করে ধাপে ধাপে বাস্তবায়নের মাধ্যমে প্রতিষ্ঠানকে স্বনির্ভর ও আধুনিকায়নের পথে এগিয়ে নিতে হবে।

নয়া দিগন্ত অনলাইন
কর্মকর্তাদের সাথে মতবিনিময় করছেন তথ্যমন্ত্রী ফকির মাহবুব আনাম
কর্মকর্তাদের সাথে মতবিনিময় করছেন তথ্যমন্ত্রী ফকির মাহবুব আনাম |বাসস

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন, সরকারি সম্পদ অব্যবহৃত রাখা যাবে না। দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করে ধাপে ধাপে বাস্তবায়নের মাধ্যমে প্রতিষ্ঠানকে স্বনির্ভর ও আধুনিকায়নের পথে এগিয়ে নিতে হবে।

আজ মঙ্গলবার গাজীপুরে বাংলাদেশ টেলিযোগাযোগ কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) টেলিযোগাযোগ স্টাফ কলেজ এবং বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের উপগ্রহ ভূকেন্দ্র পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

পরিদর্শনকালে তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন এবং চলমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত অবহিত হন।

মন্ত্রী বলেন, প্রশিক্ষণ কেন্দ্রের অব্যবহৃত জমি ও অবকাঠামো পরিকল্পিতভাবে ব্যবহার করা গেলে এটি সরকারের জন্য আয়বর্ধক প্রতিষ্ঠানে পরিণত হতে পারে। প্রশিক্ষণ কার্যক্রমে কোনো ধরনের ব্যাঘাত না ঘটিয়ে দ্রুত একটি বাস্তবসম্মত ও টেকসই প্রকল্প প্রস্তাবনা তৈরি করার নির্দেশ দেন তিনি।

তিনি জানান, ইঞ্জিনিয়ার সঙ্কট নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হচ্ছে এবং এ ক্ষেত্রে সংশ্লিষ্টদের দায়িত্বশীলতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।

সভায় কর্মকর্তারা কলেজের চলমান প্রশিক্ষণ কার্যক্রম, ভবিষ্যৎ সম্প্রসারণ পরিকল্পনা এবং সেবার মানোন্নয়নে গৃহীত পদক্ষেপ সম্পর্কে মন্ত্রীকে অবহিত করেন। সভার শুরুতে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের নতুন যোগদানকৃত কর্মচারীদের মৌলিক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন মন্ত্রী।

টেলিযোগাযোগ স্টাফ কলেজ পরিদর্শন শেষে মন্ত্রী বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের গাজীপুরস্থ উপগ্রহ ভূকেন্দ্র পরিদর্শন করেন। সেখানে তিনি স্যাটেলাইট কার্যক্রমের প্রযুক্তিগত দিক ও পরিচালন ব্যবস্থাপনা সম্পর্কে অবহিত হন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন। পরিদর্শনকালে মন্ত্রী ভূকেন্দ্র প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন। এ সময় বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।