ঢাকার দু’টি আসন অধিক ঝুঁকিপূর্ণ : সেনাবাহিনী

‘ভোটারদের নির্বিঘ্নে ভোটকেন্দ্রে আসা-যাওয়া নিশ্চিত করতে সেনাবাহিনী সর্বোচ্চ সতর্ক রয়েছে। ঝুঁকির মাত্রা অনুযায়ী ভোটকেন্দ্রগুলোকে অধিক ঝুঁকিপূর্ণ, মধ্যম ও সাধারণ শ্রেণিতে ভাগ করে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নেয়া হচ্ছে।’

নিজস্ব প্রতিবেদক
জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আয়োজিত এক ব্রিফিংয়ে সেনাবাহিনীর মিরপুর ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল এস এম ফুয়াদ মাসরুর
জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আয়োজিত এক ব্রিফিংয়ে সেনাবাহিনীর মিরপুর ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল এস এম ফুয়াদ মাসরুর |নয়া দিগন্ত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৪, ১৬ ও ১৮ আসনের মোট ভোটকেন্দ্রের প্রায় ১৮ শতাংশ ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে বাংলাদেশ সেনাবাহনী। এর মধ্যে ঢাকা-১৪ ও ১৬ আসনকে অধিক ঝুঁকিপূর্ণ বলে জানিয়েছেন সেনাবাহিনীর মিরপুর ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল এস এম ফুয়াদ মাসরুর।

শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর মিরপুর ইনডোর স্টেডিয়ামে জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ঢাকা-১৪, ১৬ ও ১৮ আসনের সার্বিক নিরাপত্তা ও নির্বাচন প্রস্তুতি বিষয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

লেফটেন্যান্ট কর্নেল এস এম ফুয়াদ মাসরুর জানান, ভোটারদের নির্বিঘ্নে ভোটকেন্দ্রে আসা-যাওয়া নিশ্চিত করতে সেনাবাহিনী সর্বোচ্চ সতর্ক রয়েছে। ঝুঁকির মাত্রা অনুযায়ী ভোটকেন্দ্রগুলোকে অধিক ঝুঁকিপূর্ণ, মধ্যম ও সাধারণ শ্রেণিতে ভাগ করে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নেয়া হচ্ছে।

তিনি আরো বলেন, ‘নির্বাচনকালীন সময়ে যেকোনো বিশৃঙ্খলা বা নাশকতার তথ্য প্রচারের আগে সাংবাদিকদের প্রাথমিক যাচাই করার আহ্বান জানানো হয়েছে, যাতে ভুল তথ্য বা উসকানিমূলক সংবাদ পরিবেশন না হয়।’

এ সময় ক্যাম্প কমান্ডার জানান, নির্বাচনে প্রার্থীদের পাশাপাশি গণমাধ্যমকর্মীদের নিরাপত্তাও নিশ্চিত করবে সেনাবাহিনী। কোথাও ঝুঁকিপূর্ণ পরিস্থিতি মনে হলে তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর অনুরোধও করেন তিনি।

উল্লেখ্য, অধিক ঝুঁকিপূর্ণ ঢাকা-১৪ আসনে যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন তাদের মধ্যে উল্লেখযোগ্য প্রার্থী হলেন বিএনপি মনোনীত এবং ‘মায়ের ডাক’ এর প্রতিষ্ঠাতা ও সমন্বয়ক প্রকৌশলী সানজিদা ইসলাম তুলি এবং জামায়াতে ইসলামী মনোনীত মীর আহমাদ বিন কাসেম আরমান।

অধিক ঝুঁকিপূর্ণ ঢাকা-১৬ আসনে যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন তাদের মধ্যে উল্লেখযোগ্য প্রার্থী হলেন বিএনপি মনোনীত মো: আমিনুল হক ও জামায়াতে ইসলামী মনোনীত মো: আব্দুল বাতেন।

এছাড়াও, ঝুঁকিপূর্ণ ঢাকা-১৮ আসনে যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন তাদের মধ্যে উল্লেখযোগ্য প্রার্থী হলেন বিএনপি মনোনীত এস এম জাহাঙ্গীর হোসেন, ১১ দলীয় জোট মনোনীত এনসিপির আরিফুল ইসলাম ও নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না।