স্পিকারের সহধর্মিণীর রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সহধর্মিণী দিলারা হাফিজ গত ২৮ মার্চ সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।

অনলাইন প্রতিবেদক
স্পিকারের সহধর্মিণীর রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে
স্পিকারের সহধর্মিণীর রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে |ছবি : নয়া দিগন্ত

জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের (বীর বিক্রম) সহধর্মিণী দিলারা হাফিজের রূহের মাগফিরাত কামনা করে একটি বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩ এপ্রিল) গুলশানের সোসাইটি জামে মসজিদে মাহফিলটি অনুষ্ঠিত হয়। ওই মসজিদের ইমাম দোয়া-মোনাজাত পরিচালনা করেন।

স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদদোয়া মাহফিলে উপস্থিত সকলকে কৃতজ্ঞতা জানান। এ সময় তিনি তার সহধর্মিণীর সাথে দীর্ঘ ৫৪ বছরের দাম্পত্য জীবনের কথা উল্লেখ করেন।

তিনি জানান, তার সহধর্মিণী একজন ধার্মিক ও শিক্ষানুরাগী নারী ছিলেন। নিয়মিত নামাজ, রোজা আদায় করতেন।

স্পিকার মরহুমা সহধর্মিণী ও তার মৃত মা-বাবাকে মহান আল্লাহ যেন জান্নাতুল ফেরদাউস দান করেন, সেজন্য উপস্থিত সকলের কাছে দোয়া কামনা করেন। একইসাথে তিনি দেশ ও জাতির উন্নতি ও কল্যাণে সকল নাগরিককে কাজ করার আহ্বান জানান।

উল্লেখ্য, স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সহধর্মিণী দিলারা হাফিজ গত ২৮ মার্চ সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।

মরহুমা দিলারা হাফিজ ১৯৪৯ সালের ২ জানুয়ারি সুনামগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স ও মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। তার বর্ণাঢ্য কর্মজীবনে সরকারি ইডেন কলেজের প্রভাষক হিসেবে তিনি কর্মজীবন শুরু করেন। পরবর্তীকালে পর্যায়ক্রমে সোহরাওয়ার্দী কলেজ, ইডেন মহিলা কলেজের অধ্যক্ষ, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের চেয়ারম্যান এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।

দোয়া মাহফিলে জাতীয় সংসদের চিফ হুইপ মো: নূরুল ইসলাম, সংসদ সদস্য মো: মজিবর রহমান সরওয়ার, সেনাবাহিনী থেকে অবসরপ্রাপ্ত মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী সেনা কর্মকর্তাবৃন্দ, ভোলা-৩ আসনের বিএনপির নেতাকর্মীবৃন্দ ও আপামর জনসাধারণসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।