বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী বলেছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটাররা যেন নির্বিঘ্ন ও শঙ্কামুক্ত পরিবেশে ভোটকেন্দ্রে এসে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যে সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা এবং নির্বাচনকালীন সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবিকে সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করছে।
তিনি নির্বাচনের আগে, নির্বাচনকালীন ও নির্বাচন-পরবর্তী যেকোনো ধরনের সহিংসতা ও নাশকতা প্রতিরোধে বিজিবির প্রতিটি সদস্যকে সর্বদা সতর্ক ও তৎপর থাকার নির্দেশনা প্রদান করেন।
মঙ্গলবার বিজিবি মহাপরিচালক ময়মনসিংহ সেক্টর সদরদফতর এবং শেরপুরের ঝিনাইগাতী ও ফেনীর ছাগলনাইয়ায় বিজিবির নির্বাচনী বেইজ ক্যাম্প পরিদর্শনকালে এসব কথা বলেন।
বিজিবি সদর দফতরের গণসংযোগ কর্মকর্তা মো: শরীফুল ইসলামের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিটি বলা হয়, বিজিবি মহাপরিচালক মঙ্গলবার সকালে ময়মনসিংহ সেক্টর সদর দপ্তর পরিদর্শন করেন এবং সেখানে সেক্টর সদর দফতর ও সহাবস্থিত ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর সকল পর্যায়ের কর্মকর্তা, জুনিয়র কর্মকর্তা ও অন্য পদবীর সৈনিকদের সাথে মতবিনিময় করেন। এ সময় বিজিবি সদরদফতরসহ সারাদেশের সকল রিজিয়ন, সেক্টর ও ব্যাটালিয়নের কর্মকর্তারা ভিডিও টেলি কনফারেন্স (ভিটিসি)-এর মাধ্যমে যুক্ত ছিলেন।
পরবর্তী সময়ে বিজিবি মহাপরিচালক ময়মনসিংহ ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ শেরপুর জেলার ঝিনাইগাতীতে আসেন এবং শেরপুরের জেলা প্রশাসক, পুলিশ সুপার ও অন্য আইন প্রয়োগকারী সংস্থার প্রতিনিধিদের সাথে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সার্বিক আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেন।
এরপর বিজিবি ডিজি ফেনীতে যান এবং ফেনী জেলা প্রশাসকের কার্যালয়ে স্থানীয় বেসামরিক প্রশাসন ও বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থার প্রতিনিধিদের সাথে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মতবিনিময় করেন। মতবিনিময় সভায় ৩৩ পদাতিক ডিভিশন, কুমিল্লার জিওসি মেজর জেনারেল মো: নাজিম-উদ-দৌলাসহ অন্য স্টাফ অফিসারবৃন্দ, বিজিবি সদরদফতরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, সরাইল রিজিয়ন কমান্ডার, কুমিল্লা সেক্টর কমান্ডার, কুমিল্লা ও ফেনী ব্যাটালিয়নের অধিনায়কবৃন্দ, ফেনীর জেলা প্রশাসক, পুলিশ সুপার, র্যাব ও আনসারের কর্মকর্তাবৃন্দ বিভিন্ন উপজেলা নির্বাহী কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরবর্তী সময়ে বিজিবি মহাপরিচালক ফেনীর ছাগলনাইয়ায় বিজিবির নির্বাচনী বেইজ ক্যাম্প পরিদর্শন করেন এবং সেখানে দায়িত্বরত বিজিবি সদস্যদের সাথে মতবিনিময় করেন।
মহাপরিচালকের পরিদর্শনকালে বিজিবি সদরদফতরের ঊর্ধ্বতন কর্মকর্তা, সরাইল রিজিয়নের রিজিয়ন কমান্ডারসহ সংশ্লিষ্ট সেক্টর ও ব্যাটালিয়নের কমান্ডাররা উপস্থিত ছিলেন।



