প্রাণিসম্পদমন্ত্রীর সাথে জাতিসঙ্ঘের খাদ্য ও কৃষি সংস্থা’র প্রতিনিধি দলের সাক্ষাৎ

দেশের খাদ্য নিরাপত্তা, কৃষি পণ্য প্রক্রিয়াজাতকরণ, রফতানি, কৃষিভিত্তিক অর্থনীতির ভিত মজবুতকরণে সংস্থাটির যেকোনো সহযোগিতাকে স্বাগত জানাবেন বলে মন্ত্রী প্রতিনিধিদলকে অবহিত করেন।

নয়া দিগন্ত অনলাইন
জাতিসঙ্ঘ
জাতিসঙ্ঘ |ইন্টারনেট

প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদের সাথে জাতিসঙ্ঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) প্রতিনিধি ড. জিয়াওকুন শি সাক্ষাৎ করেছেন।

আজ সোমবার সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ে তার অফিসকক্ষে সাক্ষাৎকালে প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন বাংলাদেশে নিযুক্ত জাতিসঙ্ঘের খাদ্য ও কৃষি সংস্থার প্রতিনিধি শি। সংস্থাটির মহাপরিচালকের পক্ষে মন্ত্রীকে শুভেচ্ছা বার্তা হস্তান্তর করেন এবং অভিনন্দন জানান তিনি।

সাক্ষাৎকালে বাংলাদেশের কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাতে অগ্রগতি ও টেকসই ব্যবস্থাপনা বিষয়ে আলোচনা হয় এবং বৈঠকে মন্ত্রী দেশের কৃষিখাত নিয়ে বর্তমান সরকারের অগ্রাধিকারে থাকা বিভিন্ন বিষয় নিয়ে আলোকপাত করেন।

এছাড়াও দেশের খাদ্য নিরাপত্তা, কৃষি পণ্য প্রক্রিয়াজাতকরণ, রফতানি, কৃষিভিত্তিক অর্থনীতির ভিত মজবুতকরণে সংস্থাটির যেকোনো সহযোগিতাকে স্বাগত জানাবেন বলে মন্ত্রী প্রতিনিধিদলকে অবহিত করেন।

ড. শি তার সংস্থার বাস্তবায়িত বিভিন্ন বিষয়ে মন্ত্রীকে অবহিত করেন। কৃষি পণ্যের বাজার সম্প্রসারণ, বাণিজ্যিকভাবে মৎস্য চাষে তার সংস্থা কাজ করছে বলে জানান।

এ সময় কৃষি মন্ত্রণালয়ের সচিব রফিকুল ই মোহামেদ উপস্থিত ছিলেন।

সূত্র : বাসস