মধ্যপ্রাচ্য যুদ্ধে ক্ষেপণাস্ত্র হামলায় সৌদি আরবে অগ্নিদগ্ধ হয়ে নিহত প্রবাসী বাংলাদেশী কর্মী আব্দুল্লাহ আল মামুনের লাশ দেশে পৌঁছেছে।
আজ সোমবার সকাল ৯টা ৪৫ মিনিটে সৌদি এয়ারলাইনসের ফ্লাইট নম্বর-এসভি৮০৬ যোগে লাশটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। এসময় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী উপস্থিত থেকে লাশ গ্রহণ করেন।
পরে সাংবাদিকদের ব্রিফিংকালে মন্ত্রী বলেন, ‘মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে এখন পর্যন্ত সাতজনের মৃত্যুর খবর আমাদের কাছে এসেছে। এর মধ্যে চারজনের লাশ গ্রহণ করেছি আর একজনের লাশ পরিবারের সম্মতিতে সৌদি আরবেই দাফন করা হয়েছে।’
তিনি আরো উল্লেখ করেন, নিহতের পরিবারকে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের পক্ষ থেকে দাফনকার্যের জন্য ৩৫ হাজার টাকা এবং নগদ ৫০ হাজার টাকা তাৎক্ষণিকভাবে দেয়া হয়েছে। এছাড়া আর্থিক সহায়তা হিসেবে আরো তিন লাখ টাকা দেয়া হবে।
এসময় বিমানবন্দরে আরো উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো: মোখতার আহমেদ, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব আসাদ আলম সিয়াম, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (কনস্যুলার এবং ওয়েলফেয়ার) দেওয়ান আলী আশরাফ এবং ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের ভারপ্রাপ্ত মহাপরিচালক ড. এ টি এম মাহবুব-উল করিম।
সূত্র : বাসস



