ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এখন পর্যন্ত বেসরকারিভাবে ২৯৭টি আসনের চূড়ান্ত ফলাফল প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এর মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি এককভাবে ২০৯টি আসন পেয়েছে।
আজ শুক্রবার বেলা আড়াইটার দিকে আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে ইসি সচিব আখতার আহমেদ এই ফলাফল ঘোষণা করেন।
ইসি সচিব জানান, নির্বাচনে ২৯৭টি সংসদীয় আসনের মধ্যে বিএনপি জয়ী হয়েছে ২০৯টি আসনে এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী ৬৮টি আসনে বিজয়ী হয়েছে। এনসিপি ছয়টি ও বাংলাদেশ খেলাফত মজলিস দুটি আসনে বিজয়ী হয়েছে। এই তিনটি দলই ১১ দলীয় জোটে আছে।
ইসলামী আন্দোলন, গণঅধিকার পরিষদ, বাংলাদেশ জাতীয় পার্টি, গণসংহতি আন্দোলন ও খেলাফত মজলিস- এই পাঁচটি দল একটি করে আসনে জয়ী হয়েছে। এছাড়া সাতটি আসনে জয়ী হয়েছে স্বতন্ত্র প্রার্থী।
কিন্তু অর্থঋণ মামলায় হাইকোর্টে আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত চট্টগ্রামের দুটি আসনের ফলাফল গেজেটভুক্ত করা হবে না বলে ইসি সচিব জানান।
উল্লেখ্য, চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসন থেকে বিএনপি’র সরওয়ার আলমগীর ও চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসন থেকে বিএনপি’র আসলাম চৌধুরী বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।
ইসি সচিব আরো বলেন, গণভোটে ‘হ্যাঁ’র পক্ষে ভোট দিয়েছেন ৪ কোটি ৮০ লাখ ৭৪ হাজার,৪২৯ জন এবং ‘না’র পক্ষে ভোট দিয়েছেন ২ কোটি ২৫ লাখ ৬৫ হাজার ৬২৭ জন। চট্টগ্রামের ওই দুটি আসনের গণভোটের হিসাবও এতে যুক্ত করা হয়েছে।



