জুন পর্যন্ত ১২০৪ কিলোমিটার খাল পুনঃখনন করবে সরকার : এ্যানী

খাল পুনঃখনন কর্মসূচির লক্ষ্য দেশের কৃষি, সেচ ও পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নত করা এবং কৃষি এলাকায় উন্নত পানি ব্যবস্থাপনা নিশ্চিত করা।

নয়া দিগন্ত অনলাইন
সংসদে পানিসম্পদ প্রতিমন্ত্রী মো: শহীদউদ্দিন চৌধুরী এ্যানী
সংসদে পানিসম্পদ প্রতিমন্ত্রী মো: শহীদউদ্দিন চৌধুরী এ্যানী |বাসস

পানিসম্পদ প্রতিমন্ত্রী মো: শহীদউদ্দিন চৌধুরী এ্যানী বলেছেন, সরকারের ১৮০ দিনের কর্মসূচির আওতায় চলতি জুন পর্যন্ত মোট ১২০৪ কিলোমিটার খাল খনন বা পুনঃখনন করবে।

আজ বুধবার জাতীয় সংসদে জামায়াতে ইসলামী’র সংসদ সদস্য শাহজাহান চৌধুরীর (চট্টগ্রাম-১৫) তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে পানিসম্পদ প্রতিমন্ত্রী মো: শহীদউদ্দিন চৌধুরী এ্যানী এ তথ্য জানিয়েছেন।

মন্ত্রী বলেন, খাল পুনঃখনন কর্মসূচির লক্ষ্য দেশের কৃষি, সেচ ও পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নত করা এবং কৃষি এলাকায় উন্নত পানি ব্যবস্থাপনা নিশ্চিত করা।

তিনি জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান ২০২৬ সালের ১৬ মার্চ দিনাজপুর জেলার কাহারোল উপজেলার বালারামপুরে সারাদেশব্যাপী খাল খনন ও পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করেন। এ কর্মসূচি দেশের নদী, খাল ও জলাশয় খননের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের অংশ।

এ্যানী বলেন, সরকারের ১৮০ দিনের কর্মসূচির আওতায় পানিসম্পদ মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ এবং কৃষি মন্ত্রণালয় চলতি জুন পর্যন্ত মধ্যে মোট ১২০৪ কিলোমিটার খাল খনন বা পুনঃখনন করবে।

এছাড়া, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় ‘কাবিখা’, ‘কাবিটা’ ও ‘টিআর’ কর্মসূচির মাধ্যমে জুন পর্যন্ত আরো ১৫০০ কিলোমিটার খাল পুনঃখনন ও সংস্কার করবে।

মন্ত্রী আরো বলেন, সরকারের নির্বাচনী ইশতেহারের সাথে সামঞ্জস্য রেখে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর নতুন ও চলমান প্রকল্পের মাধ্যমে দেশের মোট ২০ হাজার কিলোমিটার খাল খনন ও পুনঃখননের লক্ষ্যমাত্রা অর্জনে বাকি কাজ বাস্তবায়ন করা হবে।