জাতীয় সংসদের স্পিকার হলেন মেজর হাফিজ উদ্দিন

ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার হিসেবে নির্বাচিত হয়েছেন মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ। তিনি ভোলা-৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

নয়া দিগন্ত অনলাইন
মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম
মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম |সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার হিসেবে নির্বাচিত হয়েছেন মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম । তিনি সর্বসম্মতিক্রমে ও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

আজ বৃহস্পতিবার বেলা ১১টার পর স্পিকারের চেয়ার খালি রেখে সংসদ অধিবেশনের কার্যক্রম শুরু হয়। পবিত্র কোরআন তিলাওয়াতের পর বেলা ১১টার কিছু পরে বক্তব্য শুরু করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বক্তব্যের শুরুতেই তিনি ১৯৭১ সাল থেকে সব আন্দোলন-সংগ্রামের শহীদদের স্মরণ করেন।

সাধারণত বিদায়ী সংসদের স্পিকার বা ডেপুটি স্পিকারের সভাপতিত্বে নতুন সংসদের প্রথম অধিবেশন শুরু হয়। কিন্তু এবার স্পিকার ও ডেপুটি স্পিকারের কেউই উপস্থিত নেই। তাদের অনুপস্থিতিতেই সংসদ অধিবেশন শুরু হয়। তবে সংসদ অধিবেশনে সভাপতিত্ব করার জন্য তারেক রহমান খন্দকার মোশাররফ হোসেনকে আহ্বান জানান। এতে পূর্ণ সমর্থন জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া অধিবেশনে সভাপতিত্ব করার জন্য খন্দকার মোশাররফ হোসেনের নাম প্রস্তাবকে বিরোধী দলীয় উপনেতা জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহেরও সমর্থন জানান।

পরে প্রথম অধিবেশনের সভাপতি বিএনপির জ্যেষ্ঠ নেতা ও সংসদ সদস্য খন্দকার মোশাররফ হোসেন বেলা ১১টা ৪০ মিনিটের দিকে স্পিকার হিসেবে মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের নাম ঘোষণা করেন। তিনি জানান, জাতীয় সংসদে স্পিকার পদে নির্বাচনের জন্য একটি মাত্র মনোনয়ন পেয়েছেন।

মেজর হাফিজ এবার ভোলা-৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এর আগে, তিনি বিএনপি নেতৃত্বাধীন সরকারের মন্ত্রী ছিলেন তিনি।