আগামী ছয় মাসের মধ্যে ভূমি মন্ত্রণালয়ে দুর্নীতি ‘ওয়ান ডিজিট’-এ নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।
তিনি বলেন, অটোমেশন ও ই-সেবা চালুর মাধ্যমে মানুষের নগদ লেনদেন কমিয়ে দুর্নীতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে।
রোববার (২২ মার্চ) ঈদের দ্বিতীয় দিনে দলীয় নেতাকর্মী ও শুভানুধ্যায়ীদের সাথে শুভেচ্ছা বিনিময়কালে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল বলেন, মন্ত্রণালয়ের কার্যক্রমে অটোমেশন বাড়ানো, ই-পেমেন্ট চালু এবং অফিসগুলোতে সরাসরি নগদ লেনদেন বন্ধের উদ্যোগ নেয়া হচ্ছে। আমার নির্বাচনী এলাকা চট্টগ্রামের হাটহাজারী ভূমি অফিসে ইতোমধ্যে সম্পূর্ণ ই-পে সিস্টেম চালু হয়েছে, যেখানে কোনো ক্যাশ লেনদেন হয় না।
বর্তমানে চট্টগ্রামের প্রতিটি ইউনিয়নে ভূমি সেবা না থাকাটা দুঃখজনক উল্লেখ করে তিনি আরো বলেন, দেশের অন্যান্য অঞ্চলের মতো প্রতিটি ইউনিয়নে এই সেবা পৌঁছে দিতে সরকার কাজ করছে। পাশাপাশি, আইন মন্ত্রণালয় ও অন্যান্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সমন্বয়ে সংস্কার কার্যক্রমও শুরু হয়েছে।
মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নেয়া হয়েছে এবং মাঠপর্যায়ে কার্যকর পদক্ষেপ বাস্তবায়ন করা হবে। পরিকল্পিত সংস্কার কার্যক্রমের মাধ্যমে ভূমি মন্ত্রণালয়কে একটি স্বচ্ছ, জনবান্ধব ও দুর্নীতিমুক্ত প্রতিষ্ঠানে রূপান্তর করা সম্ভব হবে।
এ সময় প্রতিমন্ত্রী মীর হেলালের বাবা সাবেক মন্ত্রী মীর মোহাম্মদ নাছির উদ্দীন উপস্থিত ছিলেন। বাসস



