স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, পদ খালি থাকায় ২ হাজার ৭০১ জন কনস্টেবল নিয়োগের প্রক্রিয়া শুরু করবে সরকার।
তিনি বলেন, ‘আমরা নির্দেশ দিয়েছি আগের বিদ্যমান প্রক্রিয়ায় জরুরি ভিত্তিতে এই নিয়োগ দেয়া হবে।’
সোমবার (২৩ ফেব্রুয়ারি) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মন্ত্রণালয়ের আওতাধীন দফতর-সংস্থার প্রধানদের সাথে মতবিনিময় শেষে আয়োজিত এক ব্রিফিংয়ে একথা বলেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘লটারির মাধ্যমে ওসি-এসপি বদলি বা নিয়োগ হয়েছে অনেক জায়গায়। কিন্তু অনেক জায়গায় অনেক ক্ষেত্রে এমন হয়েছে যে যেখানে যার নিয়োগ বা বদলি হওয়ার কথা না বা হলে সার্ভিসটা দিতে পারবে না, এসমস্ত বিষয় দেখে দেয়া উচিত কিন্তু সেই বিবেচনায় তা হয়নি।’
তিনি বলেন, ‘লটারির মাধ্যমে যাকে যেখানে দিয়েছে, সেই লটারিটাও ট্রান্সপারেন্ট বলে আমরা মনে করি না। সরকারে এভাবে বদলি যথাযথ হয় না। আমরা নির্দেশনা দিয়েছি যারা দক্ষ বা ডিপার্টমেন্ট যাকে দক্ষ মনে করবে বা যাকে যেখানে দেয়া দরকার সেভাবেই করবে।’
২০০৬ সালে নিয়োগবঞ্চিত পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ন্যায়বিচার পাবেন বলে জানান তিনি।
তিনি বলেন, ‘প্রথম অগ্রাধিকার দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও জনগণের স্বস্তি প্রদান। এ জন্য ফ্যাসিবাদী সরকারের সময় যেসব অস্ত্রের লাইসেন্স ইস্যু করা হয়েছে, তা ভেরিফিকেশন করা হবে। তা যথাযথ ছিল কিনা দেখা হবে। আইন অনুসারে তারা লাইসেন্স পাওয়ার যোগ্য কিনা, তা দেখা হবে।’
সালাহউদ্দিন আহমদ আরো বলেন, পুলিশ আইনের বাইরে কোনো প্রটোকল দিতে পারবে না।
তিনি আরো বলেন, পাসপোর্ট অফিস সেবায় হয়রানি বন্ধ করার জন্য বেসরকারি সহায়তাকারী আউটসোর্সিং করার পরিকল্পনা আছে।
সূত্র : বাসস



