দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত থাকা সত্ত্বেও কৃত্রিম সঙ্কট তৈরি ও চোরাচালান রোধে স্বরাষ্ট্রমন্ত্রীকে কঠোর ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একইসাথে সংসদ সদস্যদের নিজ নিজ এলাকায় সতর্ক থাকার নির্দেশ দেন প্রধানমন্ত্রী।
শনিবার (২৮ মার্চ) বিকেলে সংসদ ভবনে সরকার দলীয় সংসদীয় কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম।
চিফ হুইপ নুরুল ইসলাম জানান, বৈঠকের শুরুতে জাতীয় সংসদের স্পিকার মেজর (অবসরপ্রাপ্ত) হাফিজ উদ্দিন আহমেদের সহধর্মিণী দিলারা হাফিজের মৃত্যুতে শোক জানানো হয়েছে।
তেলের কোনো সঙ্কট নেই জানিয়ে নুরুল ইসলাম মনি বলেন, জ্বালানি তেলের মজুতদারদের বিষয়ে ব্যবস্থা নেয়ার বিষয়ে আলোচনা হয়েছে। অভিযান পরিচালনা করা হবে। চোরাচালান রোধ করতে ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন।
চিফ হুইপ বলেন, ঈদে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা হয়েছে। এ রকম যেন না ঘটে, সেই বিষয়েও নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।
অধ্যাদেশ নিয়ে আলোচনা হয়নি জানিয়ে তিনি বলেন, রোববার (২৯ মার্চ) বিশেষ কমিটির বৈঠকে আলোচনা করা হবে। এদিন দুপুরে অধিবেশনের আগেই আবার সরকার দলের বৈঠক হবে।
এদিন বিকেল ৪টায় সংসদ ভবনের সরকারি দলের সভাকক্ষে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বৈঠকটি শুরু হয়। রোববার আবারো বসতে যাচ্ছে সংসদের প্রথম অধিবেশন। এর আগেই নিজ দলের সংসদ সদস্যদের নিয়ে সভায় বসে বিএনপি।


