জাতিসঙ্ঘ শান্তিরক্ষা মিশনে প্রশংসনীয় অবদানের স্বীকৃতিস্বরূপ জর্জিয়া অঙ্গরাজ্য হতে বিশেষ সম্মাননা অর্জন করেছে বাংলাদেশ।
আন্তঃবাহিনী জনসংযোগে পরিদফতরের (আইএসপিআর) বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানকে জাতিসঙ্ঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের শান্তিরক্ষীদের প্রশংসনীয় অবদানের স্বীকৃতিস্বরূপ গত মঙ্গলবার জর্জিয়া অঙ্গরাজ্যের একটি বিশেষ রেজ্যুলেশন প্রদান করা হয়েছে।
যুক্তরাষ্ট্রের জর্জিয়া রাজ্যের গভর্নর ব্রায়ান পি. কেম্প সিনেটের এক আনুষ্ঠানিক অধিবেশনে সেনাবাহিনী প্রধানের হাতে এ সম্মাননা তুলে দেন।
জর্জিয়া স্টেট সিনেট রিপাবলিকান ও ডেমোক্রেট উভয় দলের সমর্থনে গৃহীত এই রেজ্যুলেশনের মাধ্যমে বিশ্বব্যাপী জাতিসঙ্ঘ শান্তিরক্ষা মিশনে কর্মরত বাংলাদেশি শান্তিরক্ষীদের গুরুত্বপূর্ণ অবদানকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি ও প্রশংসা জানায়। এই রেজ্যুলেশন প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন বাংলাদেশি বংশোদ্ভূত সিনেটর শেখ রহমান।
এর আগে, মঙ্গলবার সকালে সেনাবাহিনী প্রধান জর্জিয়ার গভর্নর ব্রায়ান পি. কেম্প-এর সাথে তার দফতরে সাক্ষাৎ করেন। দ্বিপক্ষীয় এ বৈঠকে তারা সামরিক সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। পরে, সেনাবাহিনী প্রধানের নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধিদল সিনেট অধিবেশনে অংশগ্রহণ করে। এ সময় তিনি জর্জিয়ার লেফটেন্যান্ট গভর্নর বার্ট জোন্স-এর সাথেও সাক্ষাৎ করেন।
উল্লেখ্য, গত ২৮ মার্চ সরকারি সফরে সেনাবাহিনী প্রধান যুক্তরাষ্ট্র গেছেন।



