ঈদযাত্রায় চাপ নেই গাবতলীতে, সহজে মিলছে টিকিট

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্যদের তৎপরতা চোখে পড়ার মতো। পাশাপাশি টার্মিনালে র‍্যাব ও পুলিশ কন্ট্রোল রুমের মাধ্যমে আইনশৃঙ্খলা রক্ষায় চলছে নজরদারি।

নয়া দিগন্ত অনলাইন

Location :

Dhaka
গাবতলী টার্মিনাল
গাবতলী টার্মিনাল |নয়া দিগন্ত

ঢাকার গাবতলী বাস টার্মিনালে ঈদযাত্রাকে কেন্দ্র করে যেখানে ব্যস্ততা থাকার কথা, সেখানে ভিন্ন চিত্র দেখা গেছে। টার্মিনালে যাত্রী না থাকায় কাউন্টারে বসে অবসর সময় পার করছেন পরিবহন শ্রমিকরা।

বুধবার (১৮ মার্চ) সকালে সরেজমিনে দেখা যায়, গাবতলী বাস টার্মিনালে নেই যাত্রীদের ভিড়। অনেকটাই ফাঁকা বাস কাউন্টারগুলো। তবে বিগত কয়েকদিনের তুলনায় আজ যাত্রীর উপস্থিতি কিছুটা বেশি।

কাউন্টারে দ্বায়িত্বরত পরিবহন শ্রমিকদের দেখা যায় যাত্রীদের দৃষ্টি আকর্ষণ করতে। এছাড়া সড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্যদের তৎপরতা চোখে পড়ার মতো। পাশাপাশি টার্মিনালে র‍্যাব ও পুলিশ কন্ট্রোল রুমের মাধ্যমে আইনশৃঙ্খলা রক্ষায় নজরদারি করতে দেখা গেছে।

শ্যামলী পরিবহনের কাউন্টার মাস্টার মো: জিকু মল্লিক বলেন, ‘গতকাল থেকে যেগুলো অতিরিক্ত ট্রিপ যাচ্ছে তার কোনো কোনো ট্রিপে শুধু খরচের টাকা উঠছে। আবার কোনো গাড়িতে তিন থেকে চার হাজার টাকা করে লোকসান হচ্ছে, আসন খালি যাচ্ছে। এগুলো নন এসি গাড়ির অবস্থা। এসি গাড়িতে অবস্থা আরো খারাপ।’

দেশ ট্রাভেলস পরিবহনের চালকের সহকারী অনিক বলেন, ‘যাত্রীর চাপ নেই এবার। একটা সময় গাবতলী আসলেই ভালো লাগতো। মানুষ গম গম করতো। যাত্রীরা এসে একটা টিকিটের জন্য রিকোয়েস্ট করতো। আজ ভোর থেকে থেকে আছি- এখন পর্যন্ত কেউ এসে বলেনি ভাই একটা সিট দেন। দোকানে বসে আছি, অথচ একসময় বসার সময় পেতাম না।’

যাত্রীর চাপ না থাকার কারণ জানতে চাইলে তিনি বলেন, ‘মানুষ বিভিন্ন রুটে চলে যাচ্ছে। তাছাড়া সব জায়গা গাড়ির কাউন্টার হয়ে গেছে। মানুষ গাবতলীতে আসছে না।’

যাত্রী সালমান বলেন, ‘দু’দিন আগে অনলাইন থেকে টিকিট কেটেছি, কোনো ধরনের ঝামেলায় পড়তে হয়নি। আগে যেমন অগ্রিম টিকিট ছাড়ার পর পর অনলাইনে ঢুকলেই দেখা যেত টিকিট নেই। কিন্তু এবার ইজিলি টিকিট পেয়েছি।’

যাত্রী মো: টিটুল বলেন, ‘সাড়ে ৯টার সময় গাড়ি। একটু আগেই কাউন্টারে এসেছি। এসেই টিকিট পেয়েছি। কোনো ঝামেলায় পড়তে হয়নি। তবে ঈদের সময় বলে ভাড়া কিছুটা বেশি নিয়েছে।’