মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে মানিক মিয়া এভিনিউতে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বৃহস্পতিবার (২৬ মার্চ) সন্ধ্যায় অনুষ্ঠানটি সম্পন্ন হয়। এতে সশস্ত্র বাহিনীর অর্কেস্ট্রা দলের পরিবেশনায় দেশাত্মবোধক ও মনোমুগ্ধকর সঙ্গীত পরিবেশিত হয়, যা উপস্থিত দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি করে।
পাশাপাশি, দেশের স্বনামধন্য মিউজিক ব্যান্ড ওয়ারফেজ তাদের প্রাণবন্ত পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠানে বিশেষ মাত্রা যোগ করে। এ ছাড়াও, অনুষ্ঠানের শেষ পর্বে নান্দনিক ফায়ার ওয়ার্কস প্রদর্শনী অনুষ্ঠিত হয়, যা উপস্থিত সকলেই অত্যন্ত উপভোগ করেন।
মহান স্বাধীনতার চেতনা উদযাপন ও সর্বস্তরের জনগণের অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে অনুষ্ঠানটি সকলের জন্য উন্মুক্ত রাখা হয়। বিপুল সংখ্যক দর্শকের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে সফলভাবে সম্পন্ন হয়।
উল্লেখ্য, মনোজ্ঞ এই সাংস্কৃতিক অনুষ্ঠানটি বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হয় এবং একইসাথে রাজধানীর ৭টি নির্ধারিত স্থানে জায়ান্ট স্ক্রিনের মাধ্যমে অনুষ্ঠানটি উপভোগের ব্যবস্থা করা হয়।



