বাংলাদেশে মব কালচার পুরোপুরি বন্ধ করতে চাই : স্বরাষ্ট্রমন্ত্রী

‘পুলিশকে জনগণের বন্ধু বানাতে হবে। যে ভাবমূর্তিকে আগে বিনষ্ট করা হয়েছে, সেটাকে ফিরিয়ে আনতে হবে।’

নিজস্ব প্রতিবেদক
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে পরিচিতি ও মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমদ
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে পরিচিতি ও মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমদ |নয়া দিগন্ত

নতুন সরকারের নবনিযুক্ত স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বাংলাদেশে মব কালচার শেষ। মব কালচারকে আর কোনোভাবে উৎসাহিত করা যাবে না। আমরা বাংলাদেশে মব কালচার পুরোপুরি বন্ধ করতে চাই।

তিনি বলেন, পুলিশকে জনগণের বন্ধু বানাতে হবে। যে ভাবমূর্তিকে আগে বিনষ্ট করা হয়েছে, সেটাকে ফিরিয়ে আনতে হবে।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে পরিচিতি ও মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দাবি আদায়ের নামে মব কালচার করা যাবে না।

তিনি বলেন, তবে যৌক্তিক দাবি আদায়ের জন্য মিছিল ও সমাবেশ করা যাবে, স্মারকলিপিও দেয়া যাবে। আমরা গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে চাই। মিছিল, সমাবেশ করতে পারবে, ডেমোক্রাটিক কালচার অব্যাহত থাকবে। কিন্তু দাবি আদায়ের জন্য সড়ক-মহাসড়ক আটকে মব করে বন্ধ করা যাবে না।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির পাশাপাশি রমজান মাসে দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণ, বিশৃঙ্খলাসহ রাজধানীর যানজট নিয়ন্ত্রণ করতে হবে। এছাড়া বেশ কিছু পরিকল্পনা রয়েছে।

সালাহউদ্দিন আহমদ বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় মানেই বাংলাদেশের মানুষ জানে পুলিশ। আরো যে সংস্থা আছে এখানে এটা মানুষ কম জানে। তাই পুলিশকে জনগণের বন্ধু বানাতে হবে। যে ভাবমূর্তি আগে বিনষ্ট হয়েছে সেটাকে ফিরিয়ে আনতে হবে।

তিনি বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় টোটালি করাপশন ফ্রি করতে হবে। সবার অ্যাকাউন্টিবিলিটি ট্রান্সপারেন্সি বজায় রাখতে হবে। কোনো রকমের অবৈধ তদবির হবে না।

তিনি আরো বলেন, বাহিনীর মধ্যে কেউ অপরাধে জড়িত থাকলে সাথে সাথে তদন্তের মাধ্যমে ব্যবস্থা নেয়া হবে।

এর আগে, মন্ত্রী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে প্রথম কর্মদিবসে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে পরিচিতি ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে কর্মকর্তাদের স্বচ্ছতা ও জবাবদিহিতার সাথে কাজ করার আহ্বান জানান।

মন্ত্রী বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে দুর্নীতিমুক্ত মন্ত্রণালয় হিসেবে গড়ে তুলতে চাই। কর্মকর্তাদের জবাবদিহিতা ও স্বচ্ছতা বজায় রেখে কাজ করতে হবে। কোনো প্রকার অবৈধ তদবির চলবে না। আর বিভিন্ন বাহিনীর মধ্যে কেউ অপরাধে জড়িত থাকলে সাথে সাথে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (রুটিন দায়িত্ব) মো: দেলোয়ার হোসেনের সভাপতিত্বে সভায় মন্ত্রণালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা অংশগ্রহণ করেন। এর আগে মন্ত্রী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পৌঁছলে তাকে ফুলেল শুভেচ্ছা জানানোসহ ‘গার্ড অব অনার’ প্রদান করা হয়।