শপথ অনুষ্ঠানের থাকছেন ১২০০ দেশী-বিদেশী অতিথি

নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে প্রায় ১,২০০ দেশী-বিদেশী অতিথি অংশ নেবেন; এতে প্রধানমন্ত্রী, মন্ত্রিসভার সদস্য ও সংসদ সদস্যদের শপথ নেয়া হবে।

নয়া দিগন্ত অনলাইন
জাতীয় সংসদ ভবন
জাতীয় সংসদ ভবন |সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচিত সদস্য, প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যদের শপথকে ঘিরে চলছে শেষ সময়ের প্রস্তুতি। অনুষ্ঠানে প্রায় এক হাজার ২০০ দেশী-বিদেশী অতিথির উপস্থিতি নিশ্চিত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

মঙ্গলবার বিকেল ৪টায় ঢাকার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হতে যাচ্ছে নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান। সংসদ সচিবালয় সূত্র জানিয়েছে, অনুষ্ঠান আয়োজনের সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।

এদিন নির্বাচিত সংসদ সদস্য (এমপি) শপথ নেবেন। একইসাথে তারা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবেও পৃথক শপথ গ্রহণ করবেন বলে জানা গেছে।

দীর্ঘদিনের প্রচলিত রীতি ভেঙে এবার প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যদের শপথ অনুষ্ঠান বঙ্গভনের পরিবর্তে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজন করা হচ্ছে। রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথবাক্য পাঠ করাবেন।

বিএনপির সূত্রে জানানো হয়েছে, অনুষ্ঠানে প্রায় ১ হাজার ২০০ দেশী-বিদেশী অতিথি উপস্থিত থাকবেন। আমন্ত্রিত বিদেশী অতিথিদের মধ্যে রয়েছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে, ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লা, পাকিস্তানের পরিকল্পনামন্ত্রী আহসান ইকবাল ও মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু।

এছাড়া নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালা নন্দ শর্মা ও শ্রীলঙ্কার স্বাস্থ্যমন্ত্রী নলিন্দা জয়তিসার-এর উপস্থিত থাকার সম্ভাবনার কথা জানা গেছে। যুক্তরাজ্যের ভারত-প্রশান্ত মহাসাগরবিষয়ক আন্ডার সেক্রেটারি সীমা মালহোত্রারও অনুষ্ঠানে যোগ দেয়ার সম্ভাবনা রয়েছে বলে দলীয় সূত্রে উল্লেখ করা হয়েছে।

শপথ অনুষ্ঠানে সার্কভুক্ত দেশের পররাষ্ট্রমন্ত্রীদের আমন্ত্রণ জানানো হয়েছে বলে আইন উপদেষ্টা রোববার সাংবাদিকদের বলেছেন। নতুন সরকারের এই শপথ অনুষ্ঠানকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।

সূত্র : বিবিসি