বগুড়ার সান্তাহার জংশন স্টেশনের বাগবাড়ী দক্ষিণ পাড়া নামক স্থানে লাইনচ্যুত চিলাহাটি অভিমুখী ৭৬৫ আপ নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ক্ষয়ক্ষতি কমানো ও যাত্রীদের দুর্ভোগ এড়াতে স্থানীয় প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
দুর্ঘটনাকবলিত ট্রেনটির লাইনচ্যুত বগিগুলো দ্রুত উদ্ধার এবং যাত্রীদের দ্রুত গন্তব্যে পৌঁছানোর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।
তিনি জানান, ট্রেন দুর্ঘটনার খবর পেয়েই বুধবার (১৮ মার্চ) সন্ধ্যায় বগুড়ার জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারের (এসপি) সাথে ফোনে কথা বলেন প্রধানমন্ত্রী। এ সময় ঘটনাস্থলের সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পাশাপাশি দুর্ঘটনায় আহতদের প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করতে দ্রুত ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন তিনি।
একইসাথে দুর্ঘটনাকবলিত ট্রেনটির লাইনচ্যুত বগিগুলো দ্রুত উদ্ধার, যোগাযোগ পুনরায় সচল করা এবং ভোগান্তি এড়াতে যাত্রীদের দ্রুত গন্তব্যস্থলে পৌঁছানোর প্রয়োজনীয় ব্যবস্থা নিতেও স্থানীয় প্রশাসনকে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন বলেও জানান আতিকুর রহমান রুমন।
এর আগে, বুধবার দুপুর ২টার দিকে বগুড়ার আলমদীঘি উপজেলার সান্তাহার জংশন স্টেশনের বাগবাড়ী দক্ষিণ পাড়া নামক স্থানে ঢাকা থেকে ছেড়ে আসা নীলফামারীর চিলাহাটিগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনটির নয়টি বগি লাইনচ্যুত হয়। এতে অর্ধশতাধিক যাত্রী আহত হয়েছে বলে জানা গেছে।
সূত্র : বাসস



