ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’ বিশেষ কর্মপরিকল্পনা গ্রহণ করে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক স্থাপিত ‘আইন-শৃঙ্খলা সমন্বয় সেল’র সাথে সার্বক্ষণিক নিবিড়ভাবে যোগাযোগ ও সমন্বয় করে সেবাপ্রত্যাশী নাগরিকদেরকে নির্বাচন সংক্রান্ত জরুরি সেবা দিয়েছে ৯৯৯।
এই কার্যক্রম ২২ জানুয়ারি শুরু হয়ে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত রাত-দিন ২৪ ঘণ্টা চলমান থাকে। নির্বাচন সংক্রান্ত বিভিন্ন অভিযোগ সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে স্থানীয় প্রশাসনের সাথে সমন্বয় করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে ৯৯৯। এ সময়ে ৯৯৯ নির্বাচন সংক্রান্ত মোট ৮৩৮০টি ফোনকল গ্রহণ করে, যার মধ্যে ৩৭১৩টি ফোনকল ছিল নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন, প্রতিদ্বন্দ্বী পক্ষগুলোর মধ্যে মারামারি, নিষিদ্ধ সময়ে নির্বাচনী প্রচারণা, ভোটকেন্দ্রে অনিয়ম এবং আইন-শৃঙ্খলা সম্পর্কিত বিষয়সমূহ।
এসব ফোনকলে ৯৯৯ তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট থানা, জেলা ও মেট্রোপলিটন পুলিশ এবং রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তাকে অবগত করে বিধি অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নেয়। এছাড়া বাকি ৪৬৬৭টি ফোনকল ছিল নির্বাচন সংক্রান্ত বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে চেয়ে।
রোববার (১৫ ফেব্রুয়ারি) প্রধান, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর প্রধান বাংলাদেশ পুলিশের অতিরিক্ত ডিআইজি মহিউল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।



