বিদ্যমান নিরাপত্তা পরিস্থিতির কথা উল্লেখ করে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত মধ্যপ্রাচ্যের ছয়টি গন্তব্যে আজ ফ্লাইট স্থগিতের ঘোষণা দিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।
মঙ্গলবার (৩ মার্চ) এক বিজ্ঞপ্তিতে জাতীয় পতাকাবাহী এ সংস্থা জানায়, সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে দাম্মাম, দোহা, দুবাই, আবুধাবি, শারজাহ ও কুয়েতগামী সব ফ্লাইট স্থগিত করা হয়েছে।
বিমান জানায়, যাত্রীদের নিরাপত্তা ও সুরক্ষা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে এবং যেকোনো হালনাগাদ তথ্য যথাসময়ে জানানো হবে।
এসব গন্তব্যে ভ্রমণেচ্ছু যাত্রীদের প্রয়োজনীয় সহায়তার জন্য নিকটস্থ বিমান সেলস অফিস অথবা সংশ্লিষ্ট ট্রাভেল অ্যাজেন্সির সাথে যোগাযোগ করতে অনুরোধ জানানো হয়েছে।
যেকোনো তথ্যের জন্য যাত্রীদের বিমানের হটলাইন ১৩৬৩৬ নম্বরে অথবা আন্তর্জাতিক কলের ক্ষেত্রে +৮৮০৯৬১০৯ ১৩৬৩৬ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।
পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং প্রয়োজন অনুযায়ী পরবর্তী হালনাগাদ তথ্য জানানো হবে বলে জানিয়েছে বিমান। বাসস



