ইসিতে বড় রদবদল, একযোগে ১১২ কর্মকর্তা বদলি

প্রশাসনিক কাজের গতিশীলতা ও আসন্ন স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে এ বদলি কার্যক্রম পরিচালনা করা হয়েছে বলে জানিয়েছে কমিশন।

নয়া দিগন্ত অনলাইন
নির্বাচন কমিশন
নির্বাচন কমিশন |সংগৃহীত

নির্বাচন কমিশনের (ইসি) জনবল প্রশাসনে বড় ধরনের রদবদল করা হয়েছে। উপজেলা ও থানা পর্যায়ের মোট ১১২ জন কর্মকর্তাকে একযোগে বিভিন্ন স্থানে বদলি করেছে কমিশন।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনের জনবল ব্যবস্থাপনা শাখার সহকারী সচিব মোহাম্মদ শহীদুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ বদলির নির্দেশনা জারি করা হয়।

অফিস আদেশে উল্লেখ করা হয়েছে, নির্বাচন কমিশন সচিবালয়সহ দেশের বিভিন্ন উপজেলা ও থানায় কর্মরত ১১২ জন নির্বাচন কর্মকর্তাকে বর্তমান কর্মস্থল থেকে সরিয়ে নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

বদলি করা কর্মকর্তাদের জন্য কঠোর নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন। আদেশে বলা হয়েছে, সংশ্লিষ্ট কর্মকর্তাদের আগামী ১ মার্চের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে দায়িত্ব হস্তান্তর না করলে তারা ওইদিন অপরাহ্ণে বর্তমান কর্মস্থল থেকে সরাসরি অবমুক্ত হয়েছেন বলে গণ্য হবেন।

ইসি কর্মকর্তারা জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের পর এটি বড় ধরনের রদবদল। ইসি সচিবালয় এবং মাঠপর্যায়ের জেলা ও উপজেলায় কর্মরত সহকারী সচিব পদমর্যাদার কর্মকর্তাদের রদবদল করা হয়েছে।

প্রশাসনিক কাজের গতিশীলতা ও আসন্ন স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে এ বদলি কার্যক্রম পরিচালনা করা হয়েছে বলে জানিয়েছে কমিশন।