স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

অন্তর্বর্তী সরকার গৃহীত অধ্যাদেশ সংসদে উপস্থাপন করা হবে ১২ মার্চ

মীর শাহে আলম বলেন, দলীয় প্রতীক ছাড়া সাধারণ প্রতীকে নির্বাচন হওয়ার ব্যাপারে একটা অধ্যাদেশ অন্তর্বর্তী সরকার জারি করেছে।

নয়া দিগন্ত অনলাইন
সিলেটে গণমাধ্যমের সাথে কথা বলছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম
সিলেটে গণমাধ্যমের সাথে কথা বলছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম |বাসস

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার গৃহিত অধ্যাদেশগুলো আগামী ১২ মার্চ জাতীয় সংসদে উপস্থাপন করা হবে।

মঙ্গলবার (৩ মার্চ) দুপুরে সিলেট সিটি করপোরেশনের (সিসিক) কর্মকতা-কর্মচারীদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

স্থানীয় সরকার নির্বাচন বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মীর শাহে আলম বলেন, দলীয় প্রতীক ছাড়া সাধারণ প্রতীকে নির্বাচন হওয়ার ব্যাপারে একটা অধ্যাদেশ অন্তর্বর্তী সরকার জারি করেছে। আগামী ১২ মার্চ সবগুলো অধ্যাদেশ সংসদে উপস্থাপন করা হবে। পার্লামেন্ট কোন অধ্যাদেশগুলো গ্রহণ করবে বা কোনটি করবে না- এটা ওইদিন সিদ্ধান্ত হবে।

প্রতিমন্ত্রী বলেন, প্রতীকের বিষয়টি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নির্বাচন নয়। অধ্যাদেশ গ্রহণ হলে সংসদে আইন আকারে পাশ করতে হবে। এরপর দ্রুততম সময়ের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন হবে।

সিসিকে চলমান ও প্রক্রিয়াধীন সব প্রকল্প নিয়ে আলোচনা করে সিলেটের জলাবদ্ধতা, খাল খননসহ নতুন প্রকল্প গ্রহণের জন্য নির্দেশনা দেন প্রতিমন্ত্রী।

সিসিক সম্মেলন কক্ষে কর্মকর্তাদের সাথে বৈঠকে তিনি আরো বলেন, ‘সিলেট সিটি করপোরেশন আমার দেখা সবচেয়ে সুন্দর এলাকা। তবে মোটাদাগে পানি, জলাবদ্ধতা, ছড়া খাল উদ্ধার ও সংস্কারের বিষয়টি অবগত হলাম।’

প্রতিমন্ত্রী শাহে আলম সিলেট সফর প্রসঙ্গে তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথমদিন থেকে আমাদেরকে দিকনির্দেশনা দিয়ে যাচ্ছেন। সিলেট সফরটি তারই নির্দেশে। এই সফরের কথা জেনে প্রধানমন্ত্রীর স্ত্রী ডা: জুবাইদা রহমান অত্যন্ত খুশি হয়েছেন। সফর শেষে সিলেটের নানা সীমাবদ্ধতার বিষয়গুলোও তাকে জানানো হবে উল্লেখ করেন প্রতিমন্ত্রী।

এর আগে, সিলেটের রিকাবীবাজারে কবি নজরুল অডিটরিয়াম এবং সিলেট নগরের ধোপাদিঘীর ওয়াকওয়ে পরিদর্শন করেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

সিলেট সিটি করপোরেশনের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেট-৩ আসনের সংসদ সদস্য ও যুক্তরাজ্য বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ আব্দুল মালিক, সিলেট-৬ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী, সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাই রাফিন সরকার, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুর রহমান, ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী আকবর হোসেন প্রমুখ এসময় উপস্থিত ছিলেন।

সূত্র : বাসস