জরুরি ভিত্তিতে আগামী রোববার থেকে শিশুদের হামের টিকা কার্যক্রম শুরু হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো: সাখাওয়াত হোসেন।
আজ বুধবার সচিবালয়ে এক বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
স্বাস্থ্যমন্ত্রী জানান, রোববার থেকে পুরো জেনারেশন কাভার হওয়া পর্যন্ত ছয় মাস থেকে ১০ বছর বয়সী বাচ্চাদের হামের টিকা দেয়া হবে। পাশাপাশি এপিআই-এর অন্য টিকা কার্যক্রমও চলবে।
তিনি জানান, আপৎকালীন ব্যবস্থা হিসেবে গ্যাভির (ভ্যাকসিন ব্যবস্থাপনার বৈশ্বিক জোট গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিন ইনিশিয়েটিভ) কাছ থেকে দুই কোটি ১৯ লাখ ডোজ হামের ভ্যাকসিন নিয়ে দেয়া হবে। এটা ধার নেয়া হচ্ছে। পরে সময়ে এটা তাদের দিয়ে দেয়া হবে।
সম্প্রতি ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে হামের সংক্রমণ বাড়ছে। হাম নিয়ে হাসপাতালগুলোতে ভর্তি রোগীর সংখ্যা ও শিশু মৃত্যুর ঘটনাও বেড়েছে।
ঢাকা ও রাজশাহীসহ দেশের বিভিন্ন জেলায় হাম আক্রান্ত হয়ে এরই মধ্যে বেশ কয়েকটি শিশুর মৃত্যু হয়েছে।



