৪৬তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ : ১৪৫৭ জনকে নিয়োগের সুপারিশ

প্রকাশিত ফলাফলে প্রাথমিকভাবে ১ হাজার ৪৫৭ জন প্রার্থীকে বিভিন্ন ক্যাডারে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
ফাইল ছবি

৪৬তম বিসিএস পরীক্ষা-২০২৩-এর চূড়ান্ত ফলাফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

প্রকাশিত ফলাফলে প্রাথমিকভাবে ১ হাজার ৪৫৭ জন প্রার্থীকে বিভিন্ন ক্যাডারে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে।

রোববার (৮ ফেব্রুয়ারি) পিএসসি’র পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পিএসসি জানিয়েছে, ৪৬তম বিসিএসে মোট ৩ হাজার ১৪০টি শূন্য পদের বিপরীতে বিজ্ঞপ্তি দেয়া হলেও কয়েকটি কারিগরি বা পেশাগত ক্যাডারের চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় সংখ্যক যোগ্য প্রার্থী না পাওয়ায় ১ হাজার ৬৮৩টি পদে কাউকে মনোনয়ন দেয়া সম্ভব হয়নি।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, সাধারণ ক্যাডারের মধ্যে বিসিএস প্রশাসনে ২৭২ জন, পুলিশ ক্যাডারে ৭৯ জন এবং পররাষ্ট্র ক্যাডারে ১০ জনকে নিয়োগের সুপারিশ করা হয়েছে। এছাড়া কর ক্যাডারে ৩৭ জন, তথ্য ক্যাডারে ৩৩ জন এবং পরিবার পরিকল্পনা ক্যাডারে ১৪ জনকে মনোনয়ন দেওয়া হয়েছে।

এতে বলা হয়, কারিগরি বা পেশাদার ক্যাডারগুলোর মধ্যে স্বাস্থ্য ক্যাডারে (সহকারী সার্জন) বড় একটি অংশ সুপারিশপ্রাপ্ত হয়েছেন। পাশাপাশি কৃষি ক্যাডারে ৬৮ জন (বিভিন্ন বিভাগে), মৎস্য ক্যাডারে ২৬ জন এবং পশুসম্পদ ক্যাডারে ৭৩ জনকে মনোনীত করা হয়েছে। অন্যান্য পদের মধ্যে সহকারী প্রকৌশলী (সিভিল) পদে ৩৩ জন এবং পরিসংখ্যান কর্মকর্তা পদে ৭ জনকে সুপারিশ করেছে কমিশন।

পিএসসি জানিয়েছে, বিসিএস (বয়স, যোগ্যতা ও সরাসরি নিয়োগের জন্য পরীক্ষা) বিধিমালা, ২০১৪ অনুযায়ী এই মনোনয়ন দেয়া হয়েছে। মনোনীত প্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষা এবং যথাযথ অ্যাজেন্সির মাধ্যমে প্রাক-নিয়োগ, জীবনবৃত্তান্ত যাচাই শেষে সরকার চূড়ান্ত নিয়োগ দেবে। তবে এই মনোনয়ন প্রার্থীর চাকরি প্রাপ্তির নিশ্চয়তা বা অধিকার প্রদান করবে না।

এছাড়া, মুক্তিযোদ্ধা কোটায় সুপারিশের ক্ষেত্রে প্রয়োজনীয় কাগজপত্র অধিকতর যাচাইয়ের প্রয়োজনে ছয়জন প্রার্থীর মনোনয়ন আপাতত স্থগিত রাখা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

বিস্তারিত ফলাফল কমিশনের ওয়েবসাইট (www.bpsc.gov.bd) এবং টেলিটকের ওয়েবসাইটে পাওয়া যাবে।

সূত্র : বাসস