উগ্রবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান ভূমিমন্ত্রীর

একটি দেশ তখনই এগিয়ে যায়, যখন সেই দেশের অধিকাংশ মানুষ সুশিক্ষায় শিক্ষিত হয়।

নয়া দিগন্ত অনলাইন
কথা বলছেন ভূমিমন্ত্রী মো: মিজানুর রহমান মিনু
কথা বলছেন ভূমিমন্ত্রী মো: মিজানুর রহমান মিনু |সংগৃহীত

দেশের মানুষ কোনো ধরনের উগ্রবাদকে সমর্থন করে না উল্লেখ করে উগ্রবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন ভূমিমন্ত্রী মো: মিজানুর রহমান মিনু।

সোমবার (২৩ মার্চ) দুপুরে চাঁপাইনবাবগঞ্জের নাচোল খুরশেদ মোল্লা সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে প্রতিষ্ঠানটির ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এক সুবর্ণজয়ন্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

ভূমিমন্ত্রী বলেন, একটি দেশ তখনই এগিয়ে যায়, যখন সেই দেশের অধিকাংশ মানুষ সুশিক্ষায় শিক্ষিত হয়।

শিক্ষার সামগ্রিক উন্নয়নে সরকারের ধারাবাহিক প্রচেষ্টার কথা তুলে ধরে তিনি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দেশে শিক্ষার অভূতপূর্ব অগ্রগতি সাধিত হয়েছে। সেই ধারাবাহিকতায় বর্তমান নেতৃত্ব শিক্ষাক্ষেত্রে আরো সাফল্য অর্জন করছে।

তিনি আরো বলেন, তারেক রহমান তার বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে দেশকে উন্নয়ন ও পরিবর্তনের পথে এগিয়ে নেয়ার চেষ্টা করছেন। একটি দেশ তখনই সমৃদ্ধির পথে এগিয়ে যায়, যখন নেতৃত্ব সহজ-সরল হয় এবং জনগণের সাথে বন্ধুত্বপূর্ণ সুসম্পর্ক বজায় রাখে।

রাজশাহী অঞ্চলের শিক্ষার গুরুত্ব তুলে ধরে মন্ত্রী বলেন, এই অঞ্চল শিক্ষাক্ষেত্রে বরাবরই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে এবং এর ধারাবাহিকতায় চাঁপাইনবাবগঞ্জ জেলাও উন্নয়নের পথে দ্রুত এগিয়ে যাচ্ছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের বাংলা বিভাগের প্রধান ড. মুন্সি আবু সাইফ, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য আমিনুল ইসলাম এবং চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের প্রশাসক মো: হারুনুর রশিদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

সূত্র : ইউএনবি