আগামী বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। এ উপলক্ষে বুধবার (১১ ফেব্রুয়ারি) থেকে সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। তবে কল-কারখানায়, অর্থাৎ শিল্পাঞ্চলের শ্রমিক-কর্মচারীদের ছুটি আজ মঙ্গলবার থেকেই শুরু হয়েছে।
ভোটের ছুটির সাথে সাপ্তাহিক ছুটিও আছে। ফলে টানা কয়েকদিনের এই ছুটিতে রাজধানী ঢাকা ছেড়ে যেতে দেখা যাচ্ছে অনেক মানুষকে।
বিপুল সংখ্যক লোকজন ভোট দিতে নিজ নির্বাচনী এলাকায় যাচ্ছেন। বাস কাউন্টারগুলোয় ও রাস্তায় যেমন মানুষের চাপ দেখা গেছে, তেমনি যানবাহন সঙ্কটের অভিযোগও করছেন কেউ কেউ।
আবার ভোটগ্রহণ উপলক্ষে আজ মধ্যরাত থেকে মোটরসাইকেল চলাচল এবং বুধবার রাত ১২টা থেকে সারা দেশে ট্যাক্সিক্যাব, পিকআপ, মাইক্রোবাস ও ট্রাক চলাচল বন্ধ থাকবে। এ কারণেও আগেভাগেই গন্তব্যে যাওয়ার চেষ্টা করছেন অনেকে।
মোটরসাইকেল চলাচল শুক্রবার রাত ১২টা পর্যন্ত এবং অন্য যানবাহনগুলোর চলাচল ভোট গ্রহণের দিন রাত ১২টা পর্যন্ত বন্ধ থাকবে।



