মধ্যপ্রাচ্যে ৬ রুটে বিমান চলাচল সাময়িক বন্ধ

মধ্যপ্রাচ্যে পরিস্থিতি উদ্ভূত হওয়ায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের আবুধাবি, শারজাহ, দুবাই, দোহা, কুয়েত ও দাম্মাম রুটের ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। যাত্রীরা টিকিট রিফান্ড বা বিনামূল্যে যাত্রার তারিখ পরিবর্তনের সুবিধা পাবেন।

নয়া দিগন্ত অনলাইন
সংগৃহীত

মধ্যপ্রাচ্যে উদ্ভূত পরিস্থিতির পরিপ্রেক্ষিতে গত ২৮ ফেব্রুয়ারি থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মধ্যপ্রাচ্যগামী ফ্লাইটগুলোর মধ্যে আবুধাবি, শারজাহ, দুবাই, দোহা, কুয়েত ও দাম্মাম রুটের সকল ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উক্ত রুটগুলোতে ফ্লাইট পরিচালনা স্থগিত থাকবে।

বুধবার (৪ মার্চ) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

উল্লিখিত ছয়টি রুট ব্যতীত বিমানের মধ্যপ্রাচ্যগামী অন্যান্য রুটের (জেদ্দা, মদিনা, রিয়াদ, মাস্কাট) ফ্লাইটগুলো যথারীতি পরিচালিত হচ্ছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সাময়িকভাবে স্থগিত হওয়া এই রুটগুলোর যাত্রীরা, যারা স্থগিত থাকাকালীন সময়ে যাত্রার জন্য টিকিট সংগ্রহ করেছেন, তারা কোনো অতিরিক্ত চার্জ ছাড়াই টিকিট রিফান্ড করতে পারবেন অথবা বিনামূল্যে যাত্রার তারিখ পরিবর্তন করতে পারবেন।

যাত্রীরা দেশে ও বিদেশে বিমানের যেকোনো সেলস সেন্টার অথবা ক্রয়কৃত টিকিট প্রদানকারী ট্রাভেল এজেন্সি থেকে উল্লিখিত সেবা গ্রহণ করতে পারবেন। তাছাড়া, বিমানের ফ্লাইটগুলো সম্পর্কিত যেকোনো তথ্য জানতে যাত্রীরা বিমানের কলসেন্টার ১৩৬৩৬ (অভ্যন্তরীণ) বা +৮৮০৯৬১০৯ ১৩৬৩৬ (আন্তর্জাতিক) নম্বরে যোগাযোগ করতে পারবেন।

যাত্রীদের নিরাপত্তা ও সুরক্ষা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সর্বোচ্চ অগ্রাধিকার। মধ্যপ্রাচ্যের পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে এবং প্রয়োজনীয় যেকোনো হালনাগাদ তথ্য যাত্রীদের যথাসময়ে জানিয়ে দেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সূত্র : ইউএনবি