পররাষ্ট্রমন্ত্রী‌কে ফোন

প্রবাসী বাংলাদেশীদের নিরাপত্তার আশ্বাস কুয়েত, বাহরাইন ও কাতারের

‘আলোচনায় মূলত ওই অঞ্চলে বসবাসরত বাংলাদেশী নাগরিকদের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করার বিষয়টি গুরুত্ব পেয়েছে।’

নয়া দিগন্ত অনলাইন
পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান |বাসস

কুয়েত ও বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী এবং কাতারের পররাষ্ট্র বিষয়ক প্রতিমন্ত্রী বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে ফোন করে মধ্যপ্রাচ্যের উদ্ভূত পরিস্থিতি এবং বাংলাদেশী প্রবাসীদের নিরাপত্তা নিয়ে আলোচনা করেছেন।

সোমবার (২ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে ড. খলিলুর রহমান এ তথ্য জানান।

তিনি বলেন, মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতির প্রেক্ষাপটে আমি কুয়েত ও বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী এবং কাতারের পররাষ্ট্র বিষয়ক প্রতিমন্ত্রীর ফোনকল পেয়েছি।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, আলোচনায় মূলত ওই অঞ্চলে বসবাসরত বাংলাদেশী নাগরিকদের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করার বিষয়টি গুরুত্ব পেয়েছে।

তিনি আরো বলেন, তারা আমাদের প্রবাসীদের নিরাপত্তার বিষয়ে আশ্বস্ত করেছেন।

তিনি জানান, সরকার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে নিবিড় যোগাযোগ রাখছে এবং বিদেশে বাংলাদেশী নাগরিকদের স্বার্থ রক্ষায় পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। বাসস