রোববার শুরু হচ্ছে দুই দিনব্যাপী আন্তর্জাতিক হার্ট ফেইলিউর সম্মেলন

হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিতব্য এই সম্মেলনে কার্ডিলজির ওপর অ্যাডভান্সড প্রশিক্ষণটি বাংলাদেশ কার্ডিয়াক সোসাইটির সহযোগিতায় বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের হার্ট ফেইলিউর বিভাগ আয়োজন করছে।

নিজস্ব প্রতিবেদক

মেডিক্যাল আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স (এআই), কার্ডিয়াক এমআরআই, অ্যান্ডোমায়োকার্ডিয়াল বায়োপসিসহ হৃদরোগের আরো অনেক বিষয় বাংলাদেশের শেখানো ও অবহিতকরণের উদ্দেশ্যে আগামী রোববার (২৯ মার্চ) থেকে দুই দিনের আন্তর্জাতিক হার্ট ফেইলিউর সম্মেলনে শুরু হতে যাচ্ছে।

হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিতব্য এই সম্মেলনে কার্ডিলজির ওপর অ্যাডভান্সড প্রশিক্ষণটি বাংলাদেশ কার্ডিয়াক সোসাইটির সহযোগিতায় বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের হার্ট ফেইলিউর বিভাগ আয়োজন করছে। সম্মেলনটি শেষ হবে পরদিন সোমবার।

এতে অতিথি হিসেবে থাকবেন মহিলা শিশু ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের কর্মকর্তারা।

কার্ডিওলজিস্টরা বলছেন, বাংলাদেশে এই সম্মেলন অনুষ্ঠানের পর ঢাকা হতে যাচ্ছে কার্ডিয়াক ইনোভেশনের এপিসেন্টার বা কেন্দ্র। আন্তর্জাতিক হার্ট ফেইলিউর কনফান্সে বিপুল সংখ্যক কার্ডিওলজিস্ট হৃদরোগের আরো অ্যাডভান্সড ও সুক্ষ্ম চিকিৎসা দিতে সক্ষম হবেন বলে জানিয়েছেন বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের কার্ডিওলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. ডিএমএম ফারুক ওসমানী।

তিনি বলেন, এ ধরনের সম্মেলন বাংলাদেশে এটাই প্রথম। সম্মেলনের দ্বিতীয় দিনে এইচএফআরএইএফ, এইচএফপিইএফ, ডিভাইস থেরাপি, কার্ডিয়াক ইমেজিং, অ্যাডভান্সড হার্ট ফেইলিউর, কার্ডিয়াক সার্জারি এবং এর সাথে ইন্টারএ্যাক্টিভ প্যানেল ডিসকাশান এবং কেস প্রেজেন্টেশন থাকবে। বাংলাদেশ কার্ডিয়াক সোসাইটির প্রখ্যাত কার্ডিওলজিস্টরা ছাড়া দেশ-বিদেশের বিখ্যাত কার্ডিয়াক সার্জন ও কার্ডিওলজিস্টরা থাকবেন।

সম্মেলনে আসবেন যুক্তরাজ্যের কিংস হাসপাতালের প্রফেসর এ টেরেসা, যুক্তরাজ্যের রয়্যাল পে-ওয়ার্থ হাসপাতালের প্রফেসর স্টিভেন পেটিট, সুইজারল্যান্ডের জুরিখ ইউনিভার্সিটির কার্ডিওলজির প্রধান এবং ক্লিনিকেল ডিরেক্টর প্রফেসর ফ্র্যাঙ্ক রুখিৎসা, জুরিখের সিএমআর সেন্টারের প্রধান প্রফেসর রবার্ট মানকা, মালয়েশিয়ার মালে ইউনিভার্সিটির প্রফেসর চি কক হান, মেডিকেল এআই বিশেষজ্ঞ ড সুথান কাবেরি।