স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বলেছেন, পিছিয়ে পড়া এলাকার শিশুদের সুস্বাস্থ্য নিশ্চিত করা সরকারের অন্যতম লক্ষ্য।
আজ রোববার সকালে বনানীর এরশাদ মাঠে ঢাকা উত্তর সিটিতে হাম প্রকোপ মোকাবিলায় হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
এ সময় তিনি সংবাদকর্মীদের স্বাস্থ্যকর্মীর ভূমিকায় অবতীর্ণ হওয়ার আহ্বানও জানান।
হামের বিশেষ টিকাদান কর্মসূচির দ্বিতীয় ধাপ শুরু হলো আজ। সাপ্তাহিক ছুটি ছাড়া বাকি দিনগুলোতে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই কার্যক্রম চলবে। রাজধানী ঢাকাসহ চার সিটি করপোরেশন এলাকায় টিকা পাবে ১২ লাখের বেশি শিশু।
প্রতিমন্ত্রী বলেন, ‘কর্মসূচির বার্তা মানুষের মাঝে ছড়িয়ে দিতে হবে। এটি জরুরি কর্মসূচি, সফল করতে হলে আন্তরিকতার সাথে কাজ করতে হবে। মানুষের সুবিধার জন্য স্থায়ী কেন্দ্রের পাশাপাশি অস্থায়ী অনেক কেন্দ্রও স্থাপন করা হয়েছে।’
এ সময় সন্তানের টিকা নিশ্চিতে অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ৯৫ শতাংশ শিশুকে টিকার আওতায় না আনা গেলে প্রাদুর্ভাব কমানো যাবে না। পাশাপাশি হার্ড ইম্যুনিটি নিশ্চিত করার তাগিদও দেন প্রতিমন্ত্রী।
সূত্র : বাসস



