সৌদি আরবের আবহা এলাকায় ওমরা হজ পালন শেষে বাসায় ফিরার পথে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে লক্ষ্মীপুরের রামগঞ্জের একই পরিবারের স্বামী-স্ত্রী, দুই মেয়েসহ পাঁচজন নিহত হয়েছেন।
রোববার (১৫ ফেব্রুয়ারি) সৌদির স্থানীয় সময় রাতে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হচ্ছেন- মিজানুর রহমান, তার স্ত্রী মেহের আফরোজ সুমি, দেড় বছরের শিশু কন্যা সুবাহ আক্তার ও বড় মেয়ে মোহনা আক্তার, গাড়ি চালক হোসেন মোহাম্মদ জিলানী। এছাড়া অপর আরেক কন্যা ফাইজা আক্তার গুরুতর আহত। তাদের বাড়ি লক্ষ্মীপুরের রামগঞ্জের ভাটরার পাঁচমুখি এলাকায়।
বিষয়টি নিশ্চিত করেন নিহতদের স্বজনরা। এই মর্মান্তিক মৃত্যুর ঘটনায় পরিবার ও এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। পরিবারের সবাইকে হারিয়ে মিজানুর রহমানের মা খুকি বেগম ও বাবা শহিদ উল্যাহ বারবার জ্ঞান হারিয়ে ফেলেন। একই অবস্থায় পরিবারের অন্যদের।
বড় ভাই স্থানীয় টিউরী বাজারের ব্যবসায়ী বাহারুল আলম জানান, ছোট ভাই মিজানুর রহমান দীর্ঘদিন থেকে সৌদি আরবের আবহা শহরে হোটেল ব্যবসার সাথে জড়িত। চলতি মাসের ৩ ফেব্রুয়ারি তার ছোট ভাই মিজানুর রহমান তার স্ত্রী মেহের আফরোজ সুমী, তিন মেয়ে মোহনা, ফাইজা ও ছোট মেয়ে সুবাহকে পবিত্র হজ পালন করাতে সৌদি আরবে নিয়ে যান।
তিনি আরো জানান, সৌদি আরবের স্থানীয় সময় রোববার রাত প্রায় ৩টার দিকে পবিত্র ওমরা হজ পালন শেষে বাসায় ফেরার পথে আবহা এলাকায় দুর্ঘটনার শিকার হন। এতে পরিবারের চারজনসহ পাঁচজন নিহত ও একজন গুরুতর আহত হয়।
রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ ফিরোজ উদ্দীন চৌধুরী জানান, বিষয়টি জানতে পেরেছি। লাশ দেশে আনার ব্যাপারে সিদ্ধান্ত হলে সার্বিক সহযোগিতা করবো।
এ ঘটনায় রামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ফারাশিদ বিন এনাম জানান, বিষয়টি খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।



