মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) সাংবাদিক সমিতি।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টা ১ মিনিটে বুটেক্স কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে এ শ্রদ্ধা জানানো হয়।
বুটেক্স সাংবাদিক সমিতির সভাপতি আল জাবের রাফি এবং সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শাহেদের নেতৃত্বে সংগঠনের সদস্যরা শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা আন্দোলনের বীর শহীদদের স্মরণ করেন। এ সময় সমিতির অন্য সদস্যরাও উপস্থিত ছিলেন।
পুষ্পস্তবক অর্পণ শেষে এক সংক্ষিপ্ত বক্তব্যে সভাপতি আল জাবের রাফি বলেন, ‘পবিত্র কোরআনে আল্লাহ তায়ালা বলেছেন, মানুষের বিচিত্র ভাষা ও বর্ণ তাঁরই বড় নিদর্শন। তাই মাতৃভাষাকে ভালোবাসা এবং এর শুদ্ধতা রক্ষা করা আমাদের ঈমানি দায়িত্ব। অথচ আজ বড় পরিতাপের বিষয়, আমরা যত আধুনিক হচ্ছি, মাতৃভাষার প্রতি ততটাই উদাসীন হয়ে পড়ছি। বর্তমানে তথাকথিত ‘আধুনিক’ হওয়ার প্রতিযোগিতায় আমরা বাংলা বলা বা লেখাকে অবজ্ঞার চোখে দেখছি। তথাকথিত যান্ত্রিক আধুনিকতা কিংবা উচ্চশিক্ষার দোহাই দিয়ে আজ আমাদের দৈনন্দিন জীবনে বাংলাকে অপ্রাসঙ্গিক করে তোলা হচ্ছে।’
তিনি আরো বলেন, ‘আমাদের মনে রাখা দরকার, বিজাতীয় ভাষার সংমিশ্রণে কথা বলা ‘আধুনিকতা’ নয়, বরং এটি এক ধরনের মানসিক দাসত্ব। সাংবাদিক হিসেবে আমাদের কলম যেন এই অবক্ষয়ের বিরুদ্ধে রুখে দাঁড়ায়। আসুন, কেবল ফেব্রুয়ারি মাসে নয়, বছরের ৩৬৫ দিনই জীবনের সর্বস্তরে বাংলা ভাষার মর্যাদা রক্ষা করি। আল্লাহ আমাদের এই দেশ ও ভাষাকে কবুল করুন।’
সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শাহেদ বলেন, ‘বায়ান্নর ভাষা আন্দোলন আমাদের অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হতে শিখিয়েছে। একজন সাংবাদিক হিসেবে আমাদের প্রধান লক্ষ্য হলো সত্যকে তুলে ধরা এবং গণমানুষের বাকস্বাধীনতা নিশ্চিত করা। আজকের এই দিনে আমাদের অঙ্গীকার, আমরা বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে বাংলা ভাষার মর্যাদা তুলে ধরব এবং একটি বৈষম্যহীন সমাজ গঠনে কাজ করে যাব। আমরা শহীদদের রূহের মাগফেরাত কামনা করছি।’



