খুবির কেন্দ্রীয় মাঠে ঈদের জামাত, মুসল্লিদের জন্য নিরাপত্তা ও পৃথক নামাজের ব্যবস্থা

ঈদের জামাতে বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যদের পাশাপাশি বাইরের বিপুল সংখ্যক মুসল্লি অংশগ্রহণ করে। এ কারণে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি বৃদ্ধি, রাত্রিকালীন পাহারা জোরদার এবং অন্যান্য প্রস্তুতি গ্রহণে গুরুত্ব দেয়া হয়েছে।

খুবি কেন্দ্রীয় মাঠে ঈদজামাত, প্রস্তুতি সম্পন্ন
খুবি কেন্দ্রীয় মাঠে ঈদজামাত, প্রস্তুতি সম্পন্ন |নয়া দিগন্ত

খুবি প্রতিনিধি

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) কেন্দ্রীয় মাঠে অনুষ্ঠিত হবে পবিত্র ঈদুল ফিতরের জামাত, যেখানে মুসল্লিদের জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা ও নারীদের জন্য পৃথক নামাজের আয়োজন রাখা হয়েছে। দ্বিতীয়বারের মতো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত এ জামাত সকাল সাড়ে ৭টায় শুরু হবে।

মঙ্গলবার (১৭ মার্চ) বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সম্মেলনকক্ষে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে মতবিনিময় সভা করে প্রশাসন জামাতের সুষ্ঠু আয়োজন নিশ্চিত করেছে। সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মো: রেজাউল করিম।

সভায় বক্তারা বলেন, ঈদের জামাতে বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যদের পাশাপাশি বাইরের বিপুল সংখ্যক মুসল্লি অংশগ্রহণ করে। এ কারণে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি বৃদ্ধি, রাত্রিকালীন পাহারা জোরদার এবং অন্যান্য প্রস্তুতি গ্রহণে গুরুত্ব দেয়া হয়েছে।

সভায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি অধ্যাপক ড. মো: হারুনর রশীদ খান, ট্রেজারার অধ্যাপক ড. মো: নূরুন্নবী, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. এস এম মাহবুবুর রহমান, ছাত্রবিষয়ক পরিচালক অধ্যাপক ড. মো: নাজমুস সাদাত ও মসজিদ কমিটির সভাপতি ও খান বাহাদুর আহছানউল্লাহ হলের প্রভোস্ট অধ্যাপক শরিফ মোহাম্মদ খান।

এছাড়া প্রশাসনের মধ্যে উপস্থিত ছিলেন খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) জাকিয়া সুলতানা, হরিণটানা থানার ওসি (তদন্ত) টিপু সুলতান, সিআইডির পুলিশ পরিদর্শক মিহির কান্তি পাল, সিটিএসবির পুলিশ পরিদর্শক মল্লিক মো: ইমাম, তাজউদ্দীন আহমেদ তাজসহ আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিরা।

বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) শেখ শারাফাত আলী, জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক মিজানুর রহমান খান, প্রশাসন শাখা প্রধান মো: জাবেদ এলাহী, এস্টেট শাখা প্রধান এস এম মোহাম্মদ আলী, রেজিস্ট্রারের সচিব শেখ আফসার উদ্দিন ও কেন্দ্রীয় জামে মসজিদের সিনিয়র পেশ ইমাম মুফতি আব্দুল কুদ্দুসও সভায় উপস্থিত ছিলেন।