কারিগরি-মাদরাসা শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক-শিক্ষার্থীদের আর্থিক অনুদানের আবেদন আহ্বান

শিক্ষক-কর্মচারীরা তাদের জটিল ও ব্যয়বহুল রোগ বা দৈব দুর্ঘটনার চিকিৎসার জন্য এবং শিক্ষার্থীরা শিক্ষা ব্যয় নির্বাহ ও চিকিৎসার জন্য আবেদন করতে পারবেন।

নয়া দিগন্ত অনলাইন
শিক্ষা মন্ত্রণালয়
শিক্ষা মন্ত্রণালয় |ইন্টারনেট

দেশের কারিগরি ও মাদরাসা পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীদের মধ্যে বিশেষ মঞ্জুরির অর্থ বিতরণের লক্ষ্যে আবেদন আহ্বান করেছে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ।

চলতি ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত পরিচালন বাজেটের বরাদ্দকৃত এই অর্থ স্বচ্ছ ও সুষ্ঠুভাবে বিতরণ করা হবে।

কারিগরি শিক্ষা অধিদফতরের ওয়েবসাইটে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি আজ রোববার প্রকাশ করা হয়েছে।

মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ মাহমুদুল হক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আজ রোববার ১৫ মার্চ থেকে শুরু হওয়া এই আবেদন প্রক্রিয়া চলবে আগামী ২০ এপ্রিল পর্যন্ত। আগ্রহী আবেদনকারীদের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের ওয়েবসাইট (www.tmed.gov.bd) অথবা ‘মাইগভ’ www.mygov.bd) পোর্টালের মাধ্যমে অনলাইনে আবেদন দাখিল করতে হবে।

আবেদনের কোনো হার্ডকপি বা সরাসরি কপি গ্রহণ করা হবে না।

মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকারি ও বেসরকারি স্বীকৃতিপ্রাপ্ত কারিগরি ও মাদরাসা শিক্ষা প্রতিষ্ঠানগুলো মেরামত, সংস্কার, আসবাবপত্র তৈরি ও পাঠাগার উন্নয়নের জন্য আবেদন করতে পারবে।

এতে আরো বলা হয়, এ ক্ষেত্রে অনগ্রসর এলাকার অস্বচ্ছল শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে অগ্রাধিকার দেয়া হবে।

মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষক-কর্মচারীরা তাদের জটিল ও ব্যয়বহুল রোগ বা দৈব দুর্ঘটনার চিকিৎসার জন্য এবং শিক্ষার্থীরা শিক্ষা ব্যয় নির্বাহ ও চিকিৎসার জন্য আবেদন করতে পারবেন।

মঞ্জুরি প্রদানের ক্ষেত্রে প্রতিবন্ধী, দরিদ্র, মেধাবী ও তৃতীয় লিঙ্গের শিক্ষার্থীদের বিশেষ বিবেচনা করা হবে।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, শিক্ষা প্রতিষ্ঠানের অনুকূলে বরাদ্দকৃত অর্থ তাদের অনলাইন ব্যাংক হিসেবে প্রদান করা হবে। আবেদনের সময় অবশ্যই এমআইসিআর চেকের কপি স্ক্যান করে যুক্ত করতে হবে।

এতে বলা হয়, শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীদের ক্ষেত্রে অর্থ মোবাইল ব্যাংকিং সেবা ‘নগদ’-এর মাধ্যমে সরাসরি প্রদান করা হবে। এক্ষেত্রে শিক্ষার্থীদের অনলাইন জন্ম নিবন্ধন সনদ এবং পিতা/মাতা বা অভিভাবকের জাতীয় পরিচয়পত্র থাকা বাধ্যতামূলক।

বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয়, গত ২০২৪-২৫ অর্থবছরে যারা এই অনুদান পেয়েছেন, তারা চলতি অর্থবছরে আবেদনের সুযোগ পাবেন না।

এতে বলা হয়, প্রাপ্ত আবেদনগুলো জেলা পর্যায়ের কমিটির যাচাই-বাছাই শেষে আগামী ১৫ মে’র মধ্যে মন্ত্রণালয়ে চূড়ান্ত অনুমোদনের জন্য প্রেরণ করা হবে বলে জানিয়েছে মন্ত্রণালয়।