জাকসু নির্বাচন নিয়ে অধ্যাপক নাহরিনের বক্তব্য সত্য নয় : জাবি প্রশাসন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচন নিয়ে ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. নাহরিন ইসলাম খানের বক্তব্য সত্য নয় বলে জানিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) প্রশাসন।

আতাউর রহমান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

Location :

Savar
জাকসু নির্বাচন নিয়ে অধ্যাপক নাহরিনের বক্তব্য সত্য নয় : জাবি প্রশাসন
জাকসু নির্বাচন নিয়ে অধ্যাপক নাহরিনের বক্তব্য সত্য নয় : জাবি প্রশাসন |নয়া দিগন্ত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচন নিয়ে ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. নাহরিন ইসলাম খানের বক্তব্য সত্য নয় বলে জানিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) প্রশাসন।

রোববার (৮ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে জারি করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, জাকসু নির্বাচন নিয়ে অধ্যাপক ড. নাহরিন ইসলাম খানের বক্তব্যের পরিপ্রেক্ষিতে জাকসুর পক্ষ থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে একটি অভিযোগ দায়ের করা হয়। অভিযোগটি পর্যালোচনা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন সুস্পষ্টভাবে জানায়, জাকসু নির্বাচন নিয়ে ইলেকশন ইঞ্জিনিয়ারিং সংক্রান্ত অধ্যাপক নাহরিনের বক্তব্য সত্য নয়।

বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয়, নির্বাচন চলাকালীন সময়ে কোনো প্রার্থীর পোলিং অ্যাজেন্ট কিংবা উপস্থিত শতাধিক গণমাধ্যমকর্মীর কেউই নির্বাচন নিয়ে এ ধরনের কোনো অভিযোগ উত্থাপন করেননি। তবে, নির্বাচন পরবর্তী সময়ে কয়েকটি অভিযোগ পাওয়া গেলে তা নিষ্পত্তির লক্ষে জাবি ভিসি ও জাকসু সভাপতি গঠনতন্ত্র মোতাবেক একটি আপিল বোর্ড গঠন করেন। বোর্ড উত্থাপিত অভিযোগগুলো যাচাই-বাছাই করে সম্পূর্ণরূপে নিষ্পত্তি করে সংশ্লিষ্টদের অবগত করে। এসব কার্যক্রমের মধ্য দিয়ে দীর্ঘ ৩২ বছর পর অনুষ্ঠিত জাকসু নির্বাচনের নিরপেক্ষতা ও স্বচ্ছতা নিশ্চিত হয়েছে।

এছাড়া সে সময় অভিযোগ দাখিলের সুযোগ থাকা সত্ত্বেও অধ্যাপক ড. নাহরিন ইসলাম খান কোনো লিখিত অভিযোগ না করে বিভিন্ন গণমাধ্যমে জাকসু নির্বাচনে ইলেকশন ইঞ্জিনিয়ারিং দেখেছি বলে যে বক্তব্য দিয়েছেন, তা শুধু অগ্রহণযোগ্যই নয়, বরং অপ্রত্যাশিত ও দুঃখজনক।

প্রেস বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন দৃঢ়ভাবে জানায়, জাকসু নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। একই সাথে জাকসু নির্বাচন নিয়ে বক্তব্য প্রদানের ক্ষেত্রে অধ্যাপক ড. নাহরিন ইসলাম খানসহ সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।