পরিবার থেকে দূরে থাকা শিক্ষার্থীদের জন্য শাবিপ্রবি ছাত্রশিবিরের খাবার বিতরণ

‘অনেক শিক্ষার্থী ব্যক্তিগত ও বিভিন্ন কারণে পরিবারের সাথে ঈদ উদযাপন করতে পারেনি। তাদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতেই আমাদের এ ক্ষুদ্র প্রয়াস।’

হোসাইন ইকবাল, শাবিপ্রবি
হলে থাকা শিক্ষার্থীদের জন্য শাবিপ্রবি শিবিরের উদ্যোগে খাবার বিতরণ
হলে থাকা শিক্ষার্থীদের জন্য শাবিপ্রবি শিবিরের উদ্যোগে খাবার বিতরণ |নয়া দিগন্ত

পরিবার থেকে দূরে থাকা শিক্ষার্থীদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে বিশেষ খাবারের আয়োজন করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) শাখা ছাত্রশিবির।

শনিবার (২১ মার্চ) রাতে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলসমূহে অবস্থানরত শিক্ষার্থীদের মাঝে এ খাবার বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়। ঈদের ছুটিতে বিভিন্ন কারণে যারা বাড়িতে যেতে পারেননি, তাদের সাথে ঈদের আনন্দ ভাগ করে নিতেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে সংগঠনটি।

খাবার পাওয়া বাংলা বিভাগের শিক্ষার্থী সৌরভ চন্দ্র রায় নয়া দিগন্তকে বলেন, ‘আজ শাবিপ্রবি ছাত্রশিবিরের ভাইয়েরা হলে অবস্থানরত শিক্ষার্থীদের জন্য খাবার পৌঁছে দিয়েছেন। ঈদের ছুটিতে ডাইনিং ও ক্যান্টিন বন্ধ থাকায় রাতের খাবার নিয়ে কিছুটা দুশ্চিন্তায় ছিলাম। এমন সময়ে তাদের এই উদ্যোগ আমাদের জন্য সত্যিই স্বস্তির ও প্রশংসনীয়।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি মাসুদ রানা তুহিন বলেন, ‘এক মাস সিয়াম সাধনার পর পবিত্র ঈদুল ফিতর আমাদের মাঝে সমাগত হয়েছে। কিন্তু অনেক শিক্ষার্থী ব্যক্তিগত ও বিভিন্ন কারণে পরিবারের সাথে ঈদ উদযাপন করতে পারেনি। তাদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতেই আমাদের এ ক্ষুদ্র প্রয়াস।’

তিনি আরো বলেন, ‘আমরা চাই পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতির মাধ্যমে একটি সুন্দর ও ইতিবাচক ক্যাম্পাস গড়ে তুলতে। ভবিষ্যতেও শিক্ষার্থীদের কল্যাণে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।’