নোবিপ্রবিতে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন

আগামী ৩ ও ১০ এপ্রিল যথাক্রমে ‘বি’ এবং ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার মাধ্যমে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের (GST) গুচ্ছভুক্ত স্নাতক (সম্মান) শ্রেণির পরীক্ষা সমাপ্ত হবে।

মুহাম্মদ হানিফ ভুঁইয়া, নোয়াখালী অফিস
নোবিপ্রবিতে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা চলছে
নোবিপ্রবিতে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা চলছে |ছবি : নয়া দিগন্ত

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের (GST) গুচ্ছভুক্ত স্নাতক (সম্মান) শ্রেণির ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে।

শুক্রবার (২৭ মার্চ) নোবিপ্রবি কেন্দ্রে বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৪৩৮ জন পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিল ১৯৫২ জন, পরীক্ষায় উপস্থিতির হার ৮০.০৭ শতাংশ।

পরীক্ষা শুরু হলে বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল পরীক্ষার কেন্দ্রগুলো পরিদর্শন করেন। এ সময় প্রো-ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ রেজওয়ানুল হক, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ হানিফ মুরাদ, নোয়াখালী জেলা প্রশাসন ও পুলিশ সুপারের প্রতিনিধি, পরীক্ষা পরিচালনা কমিটির সদস্য ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

হল পরিদর্শন শেষে বিশ্ববিদ্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে ভিসি অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল বলেন, গুচ্ছভুক্ত ২০টি বিশ্ববিদ্যালয়ে আজ ‘সি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। নোবিপ্রবিতে অত্যন্ত সুষ্ঠু ও সুন্দর পরিবেশে এ পরীক্ষা সম্পন্ন হয়েছে। পরীক্ষা উপলক্ষে বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে সমন্বয় সভা করে যানজট নিরসন, পরিষ্কার-পরিচ্ছন্নতা, আইন-শৃঙ্খলা ব্যবস্থাসহ অন্যান্য বিষয়গুলো নিশ্চিত করা হয়েছে। আমি নোয়াখালীবাসীকে ধন্যবাদ জানাচ্ছি তাদের আতিথেয়তা এবং সার্বিক সহযোগিতার জন্য। আশা করি আগামীতেও স্টেকহোল্ডারদের কাছ থেকে এ ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।

উল্লেখ্য, আগামী ৩ ও ১০ এপ্রিল যথাক্রমে ‘বি’ এবং ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার মাধ্যমে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের (GST) গুচ্ছভুক্ত স্নাতক (সম্মান) শ্রেণির পরীক্ষা সমাপ্ত হবে।