বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিষ্ঠানপ্রধান ও সহকারী প্রধান পদে নিয়োগের লক্ষ্যে সংশোধিত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।
নতুন বিজ্ঞপ্তিতে শতভাগ অটোমেশন বা স্বয়ংক্রিয় পদ্ধতিতে শিক্ষা মন্ত্রণালয়ের তিনটি অধিদপতরের অধীনে মোট ১২ হাজার ৯৫১টি শূন্য পদের বিপরীতে আবেদন আহ্বান করা হয়েছে। ‘৮ম এনটিআরসিএ নিয়োগ পরীক্ষা-২০২৬’-এর মাধ্যমে এসব পদে নিয়োগের সুপারিশ করা হবে।
এনটিআরসিএ’র পরিচালক (পরীক্ষা, মূল্যায়ন ও প্রত্যয়ন) তাসনিম জেবিন বিনতে শেখ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বুধবার (২৫ মার্চ) এ তথ্য জানানো হয়। একইসাথে গত ২৯ জানুয়ারি জারিকৃত পূর্বের নিয়োগ বিজ্ঞপ্তিটি বাতিল ঘোষণা করা হয়েছে।
অধিদফতরভিত্তিক শূন্য পদের সংখ্যা :
সংশোধিত বিজ্ঞপ্তি অনুযায়ী, মোট ১২ হাজার ৯৫১টি পদের মধ্যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের অধীনে রয়েছে ৯ হাজার ৭০৮টি পদ। এর মধ্যে ২ হাজার ৮৮১টি প্রধান শিক্ষক, ৩ হাজার ২৯৬টি সহকারী প্রধান শিক্ষক, ৩৭৫টি অধ্যক্ষ (স্নাতক পাস কলেজ), ৪১৩টি উপাধ্যক্ষ (স্নাতক পাস কলেজ), ৪০৮টি অধ্যক্ষ (উচ্চ মাধ্যমিক কলেজ) এবং ১৫৩টি অধ্যক্ষ (উচ্চ মাধ্যমিক বিদ্যালয়) পদসহ অন্যান্য পদ রয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, মাদরাসা শিক্ষা অধিদফতরের অধীনে ৩ হাজার ১৩১টি শূন্য পদের মধ্যে রয়েছে ৮৯৯টি সুপার (দাখিল), ১ হাজার ৪টি সহকারী সুপার (দাখিল), ২০২টি অধ্যক্ষ (ফাজিল), ৩৪৩টি উপাধ্যক্ষ (ফাজিল), ২১৯টি অধ্যক্ষ (আলিম) এবং ৩৭৭টি উপাধ্যক্ষ (আলিম) পদ। এছাড়া কারিগরি শিক্ষা অধিদফতরের অধীনে অধ্যক্ষ ও সুপারসহ মোট ১১২টি শূন্য পদে নিয়োগ দেয়া হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগ্রহী যোগ্য প্রার্থীদের http://ngi.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন কার্যক্রম আগামী ২৮ মার্চ থেকে শুরু হয়ে চলবে ৪ এপ্রিল রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। পরীক্ষার ফি নির্ধারণ করা হয়েছে ৩৫০ টাকা, যা ৫ এপ্রিল রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত জমা দেয়া যাবে।
পরীক্ষার পদ্ধতি ও নম্বর বণ্টন :
নিয়োগের জন্য ১০০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর মধ্যে ৮০ নম্বরের এমসিকিউ, ১২ নম্বর শিক্ষাগত যোগ্যতার সনদ এবং ৮ নম্বর মৌখিক পরীক্ষার জন্য বরাদ্দ থাকবে। প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে। এমসিকিউ পরীক্ষায় পাস নম্বর ৪০ শতাংশ। পরীক্ষার সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে ১৮ এপ্রিল।
স্বয়ংক্রিয় পদ্ধতিতে নিয়োগ :
এনটিআরসিএ জানিয়েছে, এমসিকিউ ও মৌখিক পরীক্ষার প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধাক্রম ও প্রতিষ্ঠানের পছন্দক্রম অনুযায়ী টেলিটক বাংলাদেশ লিমিটেডের সফটওয়্যারের সাহায্যে শতভাগ স্বয়ংক্রিয় (অটোমেশন) পদ্ধতিতে এই নিয়োগ সুপারিশ করা হবে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ইতোপূর্বে যারা আবেদন করেছিলেন, তাদের ফি অনলাইন ব্যাংকিং চার্জ ও টেলিটক ফি কর্তনপূর্বক ফেরত দেয়ার প্রক্রিয়া চলমান রয়েছে। এছাড়া নিয়োগের ক্ষেত্রে কোনো প্রকার তদবির প্রার্থীর অযোগ্যতা হিসেবে বিবেচিত হবে।
সূত্র : বাসস



