জবিতে ফুটবল খেলা নিয়ে সংঘর্ষ, আহত ২০

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠ ধুপখোলায় ফাইনাল ম্যাচ শেষ হওয়ার পর ইসলামিক স্টাডিজ বিভাগ এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীদের মধ্যে এ সংঘর্ষ হয়।

নুর আলম, জবি সংবাদদাতা
জবিতে ফুটবল খেলা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন শিক্ষার্থীরা
জবিতে ফুটবল খেলা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন শিক্ষার্থীরা |নয়া দিগন্ত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) আন্ত:বিভাগ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচকে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে সাংবাদিকসহ অন্তত ২০ জনের বেশি আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠ ধুপখোলায় ফাইনাল ম্যাচ শেষ হওয়ার পর ইসলামিক স্টাডিজ বিভাগ এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীদের মধ্যে এ সংঘর্ষ হয়।

সরেজমিনে দেখা যায়, নির্ধারিত সময়ের খেলা ড্র হলে ম্যাচটি টাইব্রেকারে গড়ায়। টাইব্রেকারে ৩-২ গোলে ইসলামিক স্টাডিজ বিভাগ জয় লাভ করে। খেলা শেষ হওয়ার পর উভয় বিভাগের শিক্ষার্থীদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়, যা একপর্যায়ে হাতাহাতি ও সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষ চলাকালে মাঠে দায়িত্ব পালনরত কয়েকজন সাংবাদিক, পাঁচ শিক্ষক আহত হন। পরে বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষার্থী ও কর্তৃপক্ষের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। আহতদের মধ্যে কয়েকজন ঢাকা ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

সংঘর্ষের ঘটনায় দুই বিভাগের কোনো শিক্ষার্থী, খেলোয়াড় বা আহতদের বক্তব্য পাওয়ার জন্য একাধিকবার যোগাযোগ করা হলেও কারো বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মুহাম্মদ তাজাম্মুল হক বলেন, ‘আজ খুবই দুঃখজনক একটি ঘটনা ঘটেছে। আমরা সবাই দুই বিভাগের শিক্ষার্থীদের থামানোর চেষ্টা করেছি, কিন্তু তারা কেউ আমাদের কথা শোনেনি। কথা কাটাকাটির জের ধরে উভয়পক্ষ মারামারিতে জড়িয়ে পড়ে।’

তিনি আরো বলেন, ‘প্রক্টরিয়াল বডি এবং দুই বিভাগের শিক্ষক ও ছাত্রনেতাদের সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। আজকের সংঘর্ষের ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হবে এবং বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।’