মাহে রমজানের আগমন উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) স্বাগত জানিয়ে র্যালি করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ঢাবি শাখা।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) মাগরিবের নামাজের পর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে র্যালিটি শুরু হয়ে কলা ভবন, হলপাড়া ও হাজী মোহাম্মদ মুহসিন হল এলাকা প্রদক্ষিণ করে মল চত্বরে গিয়ে শেষ হয়। এতে উপস্থিত ছিলেন ডাকসুর ভিপি আবু সাদিক কায়েম, জিএস এস এম ফরহাদ, এজিএস মহিউদ্দিন খান, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক এম এম আল মিনহাজ এবং ছাত্রশিবির ঢাবি শাখার সাংগঠনিক সম্পাদক মু. সাজ্জাদ হোসাইন খানসহ অন্য নেতারা।
এদিকে একই দিন বিকেলে ঢাবির মল চত্বরে ‘সেন্টার ফর ইসলামিক থটস অ্যান্ড ওয়ার্কস’ এবং ‘প্রবাহ সাহিত্য-সংস্কৃতি সংসদ, ঢাকা বিশ্ববিদ্যালয়’-এর উদ্যোগে একটি সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়।
সাংস্কৃতিক সন্ধ্যায় সম্মিলিত চাঁদ দেখা, মিলাদ মাহফিল, আবৃত্তি, কিরাত, ইসলামী সংগীত পরিবেশন, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে তবারক বিতরণ করা হয়। অন্যদিকে র্যালি শেষে ছাত্রশিবিরের নেতাকর্মীরাও সাংস্কৃতিক সন্ধ্যায় অংশ নেন।



