ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা ও ডাকসুর জিএস প্রার্থী শেখ তানভীর বারী হামিমের নেতৃত্বে ২০২৪ সালের অভ্যুত্থানের পর থেকে প্রতিটি ঈদে হলে থাকা শিক্ষার্থীদের সাথে আনন্দ ভাগাভাগি করে আসার ধারাবাহিকতা বজায় থাকছে এবারও।
আসন্ন ঈদুল ফিতরের দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে অবস্থানরত শিক্ষার্থীদের জন্য রাতের বিশেষ খাবারের আয়োজন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ মার্চ) রাতে নিজের ফেসবুক পোস্টের মাধ্যমে এ উদ্যোগের বিষয়ে জানান তিনি।
এ বিষয়ে শেখ তানভীর বারি হামিম জানান, পরিবার-পরিজন থেকে দূরে থাকা শিক্ষার্থীদের ঈদের আনন্দ কিছুটা হলেও বাড়িয়ে তুলতেই এ উদ্যোগ নেয়া হয়েছে। প্রতি বছরের মতো এবারো ভালো মানের খাবার পরিবেশনের পরিকল্পনা করা হয়েছে, যাতে শিক্ষার্থীরা হলে থেকেও ঈদের স্বাদ উপভোগ করতে পারেন।
হলে থাকা শিক্ষার্থীরা বলেন, ঈদের সময় পরিবারকে খুব মনে পড়ে। তবে এ ধরনের আয়োজন তাদের মাঝে ভিন্ন এক আনন্দ তৈরি করে এবং একাকীত্ব অনেকটাই কমিয়ে দেয়।
হামিম জানান, ভবিষ্যতেও এই উদ্যোগ অব্যাহত থাকবে এবং শিক্ষার্থীদের পাশে থেকে তাদের আনন্দ-দুঃখ ভাগ করে নেয়ার চেষ্টা করা হবে।



