জাপানি সংস্থা ‘জাপান ইন্টারন্যাশনাল হিউম্যান ক্যাপিটাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন’-এর জাপানি প্রতিনিধি মাকাতো আরিতোমা এবং বাংলাদেশ প্রতিনিধি তুহিনের সাথে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জকসু) নির্বাচিত প্রতিনিধিদের একটি অনানুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩ মার্চ) অনুষ্ঠিত এ বৈঠকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাথে সংশ্লিষ্ট জাপানি সংস্থার সম্ভাব্য বিভিন্ন সহযোগিতা নিয়ে আলোচনা হয়। বিশেষ করে বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা শিক্ষা কার্যক্রম চালুর বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
বৈঠক শেষে প্রতিনিধিদল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ভিসির সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় বিশ্ববিদ্যালয় পর্যায়ে একাডেমিক ও দক্ষতা উন্নয়নমূলক কার্যক্রমে পারস্পরিক সহযোগিতার বিষয়েও মতবিনিময় হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন জকসুর সাধারণ সম্পাদক (জিএস) আব্দুল আলিম আরিফ, শিক্ষা ও গবেষণা সম্পাদক ইব্রাহিম খলিল, সমাজসেবা ও শিক্ষার্থী কল্যাণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, আইন ও মানবাধিকার সম্পাদক হাবিব মোহাম্মদ ফারুক এবং কার্যনির্বাহী সদস্য জাহিদ হাসান।
সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এ ধরনের আন্তর্জাতিক যোগাযোগ ভবিষ্যতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন ও বৈদেশিক কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণে সহায়ক ভূমিকা রাখবে।



