বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থী ইমতিয়াজ আহমেদ ব্রেন স্ট্রোকে মারা গেছেন। তিনি ২০২১-২২ শিক্ষাবর্ষের গণিত বিভাগের শিক্ষার্থী ছিলেন।
শুক্রবার (৩ এপ্রিল) সকাল ১০টায় গৌরনদীর নিজ বাড়িতে তিনি মারা যান।
ইমতিয়াজ বরিশালের গৌরনদীর বিশিষ্ট ব্যবসায়ী মো: জাকির হোসেনের বড় ছেলে।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ববির গণিত বিভাগের চেয়ারম্যান ড. বিজন কৃষ্ণ সাহা।
বিভাগীয় সূত্রে জানা গেছে, গত ১৬ মার্চ হঠাৎ শারীরিক অসুস্থতা দেখা দিলে ইমতিয়াজকে ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসার পর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে চিকিৎসকের পরামর্শে গত বুধবার তাকে গৌরনদীর নিজ বাড়িতে নিয়ে আসা হয়। আজ সকালে বাড়িতে অবস্থানকালেই তার মৃত্যু হয়।
তার এমন আকস্মিক মৃত্যুতে পরিবার, সহপাঠী এবং বিশ্ববিদ্যালয় অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
ইমতিয়াজের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে ড. বিজন কৃষ্ণ সাহা বলেন, ‘নাফিজ অত্যন্ত মেধাবী একজন ছেলে ছিল। তার মৃত্যু আমাদের বিভাগের জন্য এক অপূরণীয় ক্ষতি। আমরা তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই এবং তার আত্মার মাগফিরাত কামনা করি।’



