পবিত্র ঈদুল ফিতরের ছুটি শেষে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার আগেই ডেঙ্গু প্রতিরোধে দেশব্যাপী সকল স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সহকারী সচিব মো: রাজিবুল আলম স্বাক্ষরিত এক অফিস আদেশে বুধবার একথা জানানো হয়।
আদেশে বলা হয়, সম্প্রতি রাজধানী ঢাকাসহ সারাদেশে ডেঙ্গুর প্রাদুর্ভাব আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। দীর্ঘ সময় ধরে জমে থাকা পানি, বাড়ি বা আশেপাশে ফেলে রাখা পাত্র, ফুলের টব বা বৃষ্টির জমে থাকা পানি, যত্রতত্র ফেলে রাখা ময়লা আবর্জনা এবং অন্যান্য কারণে এডিস মশার প্রজনন ক্ষেত্র বিস্তৃত হচ্ছে।
মন্ত্রণালয়ের আদেশে বলা হয়েছে, মাহে রমজান ও ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে স্বাভাবিক পাঠদান কার্যক্রম বন্ধ থাকায় বর্তমানে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ব্যাহত হচ্ছে। একইসাথে মৌসুমি বৃষ্টিপাত ও বাতাসের আর্দ্রতা বৃদ্ধি ডেঙ্গু বিস্তারের ঝুঁকি বাড়িয়ে দিতে পারে।
আদেশে স্বাস্থ্য সেবা বিভাগের সচিবের পাঠানো এক আধা-সরকারি পত্রের (ডিও লেটার) আলোকে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, সরকারের অধিক্ষেত্রাধীন সকল সরকারি ও বেসরকারি স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় এবং প্রশিক্ষণ প্রতিষ্ঠানসমূহে ঈদের ছুটি শেষে প্রাতিষ্ঠানিক কার্যক্রম শুরু হওয়ার ঠিক আগেই প্রাঙ্গণ পরিষ্কার-পরিচ্ছন্ন করতে হবে।
সূত্র : বাসস



